গোপালগঞ্জে সংঘর্ষে ৪৮ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়ায় গত মঙ্গলবার ও গতকাল বুধবার পৃথক চারটি ঘটনায় কমপক্ষে ৪৮ জন আহত ও ১৩ জন গ্রেপ্তার হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুদের মধ্যে খেলা নিয়ে বিতর্ককে কেন্দ্র করে সদর উপজেলার পারচন্দ্রদিঘলিয়া গ্রামে গতকাল সকালে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য অহিদ ও আমজেদ পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ঢাল, সড়কি ও দেশীয় অস্ত্রসহ আটজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন আমজাদ মোল্লা (৬৫), আকবর শেখ (২০), মো. রাজু শেখ (২৫), এয়াকুব শেখ (২৫), আজিজ শেখ (২২), মফিজুর শেখ (২০) ও রাসেল (৩৭)।গোপীনাথপুর ফাঁড়ির উপপরিদর্শক এ এইচ এম সালাউদ্দিন জানান, গতকাল সকাল আটটার দিকে কয়েকটি শিশুর মধ্যে খেলাধুলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি ও হাতহাতি হয়। এ নিয়ে একজন একটি শিশুকে মারধর করে। অপর পক্ষ এই খবর শুনে আরেকটি শিশুকে মারধর করলে গ্রামবাসী বিভক্ত হয়ে পড়ে। পরে উভয় পক্ষ ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে লাঠি চার্জ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।গতকাল সকালে কোটালীপাড়ার কুশলা ইউনিয়নের ধরাইল গ্রামে ফরাদ শেখকে প্রতিপক্ষের লোকজন অপহরণ করে বলে গুজব ছড়িয়ে পড়ে। এ সময় গ্রামবাসী তাঁকে উদ্ধার করতে একই গ্রামের আবু তালেব শেখের বাড়িতে হামলা চালায়। এতে ১২ জন আহত হয়।সদর উপজেলা মাঝিগাতী ইউনিয়নের বাঘাজুড়ি গ্রামে বেগুন গাছ তুলে ফেলা নিয়ে চৈতন্য মজুমদার ও জ্যোতিষ মজুমদারের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে জ্যোতিষ মজুমদারের লোকজন চৈতন্য মজুমদারের বাড়িতে হামলা করে। এতে পাঁচ-ছয়জন আহত হয়।গত মঙ্গলবার সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নে অভিযান চালিয়ে সদর থানার পুলিশ সংঘর্ষের প্রস্তুতিকালে বিপুলসংখ্যক দেশি অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন রঘুনাথপুর গ্রামের সোহেল সরদার (২৫), হামিদ শেখ (২৩), ইয়াসিন শেখ (২১), বাবরগাতী গ্রামের মতি শেখ (৬৫) ও মো. সাহিনুল হক (৫০)।সদর থানার পরিদর্শক কাজী মতিয়ার রহমান জানান, গত সোমবার ঈদের নামাজের আগে মাঝিগাতী ইউপি নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে চেয়ারম্যান মুকসেদ খান ও পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুর রহমান খানের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই জের ধরে গত মঙ্গলবার ভোর পাঁচটার দিকে দুই পক্ষের লোকজন ঢাল-সড়কি, টেঁটা, রামদা, কাতরা, লাঠি-সোঁটা ও ইটপাটকেল নিয়ে হামলার প্রস্তুতি নিচ্ছিল।