গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
গোপালগঞ্জে ইজিবাইক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালক ও এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় ইজিবাইকের তিন যাত্রী আহত হন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর সেতুর উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ইজিবাইকচালক সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের বিজয়পাশা গ্রামের ফটিক মোল্লার ছেলে কামরুল মোল্লা (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। ইজিবাইকের যাত্রী পাইককান্দি গ্রামের মো. মন্টুর স্ত্রী রাশিদা বেগমকে (৫৩) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নিয়ামুল হুদা জানান, দুর্ঘটনায় ইজিবাইকের চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া ইজিবাইকের আরও চার যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাশিদা বেগমকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) হজরত আলী বলেন, দুর্ঘটনায় ইজিবাইকটি রাস্তার ওপর দুমড়ে-মুচড়ে পড়ে।