গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত, আহত ৮০
‘বিদেশ থেকে ফিরলে জিয়াদরে কী জবাব দেব! সোহাগী ঘুম থেকে জাগলে ওরে আমি মায়ের কাছে কেমনে নিয়ে যাব। আল্লাহ গো তুমি আমারে কইয়ে দেও, ও আল্লাহ।’
গোপালগঞ্জের মুকসুদপুর হাসপাতালের বিছানায় শুয়ে এভাবেই বিলাপ করছিলেন বৃদ্ধ ইলিয়াস হোসেন (৬৮)। পাশের বিছানায় তাঁর নাতি অচেতন শিশু সোহাগী (৭)। সোহাগীর মা লাইজু আক্তারও (২৪) শুয়ে আছেন। তবে হাসপাতালে নয়। আরও সাতজনের মরদেহের সঙ্গে মুকসুদপুর থানার মাঠে।
প্রত্যক্ষদর্শী, যাত্রী ও অন্যান্য সূত্র জানায়, গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরে গেড়াখোলা সেতুর উত্তর প্রান্তে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া অভিমুখী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও বাগেরহাটের রায়েন্দা থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ফাল্গুনী পরিবহনের দুটি বাসের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে নয়জন নিহত ও অন্তত ৮০ জন আহত হন। দুর্ঘটনার পর নিহত আট ব্যক্তির মরদেহ মুকসুদপুর থানায় নেওয়া হয়।
দুর্ঘটনায় নিহত নয়জন হলেন বাগেরহাটের মোরেলগঞ্জের গোয়ালী গ্রামের প্রবাসী জিয়াদ মাঝির স্ত্রী লাইজু আক্তার, একই গ্রামের এম এ জাহিদ (৩৮), শরণখোলার মোজাহার আলী মোল্লার ছেলে মোল্লা সরোয়ার বাবলু (৪৫), পটুয়াখালীর বাউফলের কেশবপুর গ্রামের আবদুস সাত্তার হাওলাদারের স্ত্রী সেতারা বেগম (৬৫), নড়াইলের কালিয়ার জুনায়েদ মোল্লার মেয়ে জয়া (৭) ও হাসিনা (৬৫), নাজিরপুরের সুবেন্দু মণ্ডল (৭০) এবং রামকৃষ্ণ মণ্ডলের ছেলে অমিতাভ মণ্ডল (২২)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।
টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রী মো. নিজামউদ্দিন দুর্ঘটনায় তাঁর মা সেতারা বেগমকে হারিয়েছেন। মাকে নিয়ে তিনি শ্বশুরবাড়ি গোপালগঞ্জে বেড়াতে আসছিলেন। তিনি মুকসুদপুর হাসপাতালে চিকিৎসাধীন। নিজামউদ্দিন বলেন, চালকের পেছনের আসনে বসেছিলেন তিনি। তাঁদের বহনকারী গাড়ির চালক পথে সময় নষ্ট করায় পরে দ্রুতগতিতে চালাচ্ছিলেন। একপর্যায়ে বাসটি দুর্ঘটনায় পড়ে।
ফাল্গুনী পরিবহনের যাত্রী সিদ্দিক হাওলাদার (৫৫) বলেন, সকাল সাড়ে ছয়টায় বাসটি যাত্রা শুরু করলেও পথে বিভিন্ন জায়গা থেকে যাত্রী ওঠানো হয়। দুর্ঘটনার সময় বাসটিতে কমপক্ষে ২০ জন যাত্রী দাঁড়ানো এবং ইঞ্জিনের কভারে আরও ১০ জন ছিলেন। পথে সময় নষ্ট করার কারণে চালক বাসটি দ্রুতগতিতে চালাচ্ছিলেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস হোসেন বলেন, হতাহত ব্যক্তিদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস, পুলিশ ও সাধারণ জনগণ অংশ নেন। এ সময় প্রায় দুই ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পুলিশ বাদী হয়ে বেপরোয়া গাড়ি চালিয়ে মানুষ হত্যার অভিযোগে দুই গাড়ির চালকের বিরুদ্ধে মামলা করেছে।
পৃথক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু: একই দিন বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সাতপাড় বাসস্ট্যান্ডে এক বাসের চাপায় পিতা-পুত্র নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলো জেলার কাশিয়ানী উপজেলার সিঙ্গা গ্রামের বাবুল বিশ্বাস (৪০) ও তাঁর ছেলে শয়ন বিশ্বাস (১২)।