গোপালগঞ্জে সাতজনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৮
গোপালগঞ্জ সদর, চট্টগ্রামের সীতাকুণ্ড, ফরিদপুরের বোয়ালমারী, কক্সবাজারের রামু, কুমিল্লার চৌদ্দগ্রাম, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলাসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩৯ জন। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী হাট এলাকায় গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় ট্রাকের চাপায় সাতজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়। আহত ব্যক্তিদের গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন: হারুন ফকির (৪০), ওবায়দুল শেখ (২০), সুজন (৪০), সিয়াম (৬), সাব্বির (১৮), হাইবাত মোল্লা (২৫) ও বাবুল খাঁ (৪০)।পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ফেনী থেকে বাগেরহাটগামী আসবাববোঝাই একটি মিনি ট্রাকের পেছনের চাকা ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গোপালগঞ্জের বৌলতলী হাটের ভেতরে ঢুকে পড়ে। এ সময় মানুষজনকে চাপা দিয়ে ট্রাকটি পাশের গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে বৌলতলী ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় ট্রাকের নিচে আটকে পড়া হতাহত ব্যক্তিদের উদ্ধার করে।বৌলতলী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক হাসানুজ্জামান জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট ট্রাক থেকে মুন্না (২০) ও আবদুর রহিম (৩২) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে ট্রাকটির চালক মামুন পালিয়ে গেছেন।সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে গতকাল টেম্পো (হিউম্যান হলার) ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও অন্য পাঁচজন আহত হয়। হতাহত সবাই টেম্পোর যাত্রী। তারা নগরের হালিশহর এলাকা থেকে কুমিরা ঘাটে যাচ্ছিল।নিহত ব্যক্তিরা হলেন: মো. কাওসার (২০), মনির হোসেন (৩৫), টেম্পোচালক এরশাদ (৩৫), তাঁর সহকারী মো. জুয়েল (১৭) ও হাজেরা বেগম (২০)।পুলিশ জানায়, গতকাল বেলা দেড়টার দিকে শীতলপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের সামনে ওই দুর্ঘটনায় ১০ জন আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে পাঁচজনের মৃত্যু হয়। পুলিশ কাভার্ডভ্যানটি (চট্ট মেট্রো ট-১১-২০৬৪) আটক করলেও চালক পালিয়ে গেছে।ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী-ময়েনদিয়া সড়কের ছোলনা এলাকায় গতকাল বিকেল পাঁচটার দিকে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও অপর একজন আহত হয়েছে। নিহত মোটরসাইকেলের চালক উজ্জ্বল বসাক (২২) বোয়ালমারীর স্বর্ণকারপট্টি এলাকার বাসিন্দা। আর পথচারী রুস্তম শেখ (৭০) এলাকার মধ্যেরগাতি গ্রামের বাসিন্দা। আহত মোটরসাইকেলের আরোহী সজলকে (১৩) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।বোয়ালমারী থানার এসআই খালিদ আহমেদ জানান, লাশ দুটি থানায় নেওয়া হয়েছে।রামু (কক্সবাজার): কক্সবাজারের রামু উপজেলায় গতকাল ও গত বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় গিয়াসউদ্দিন নামের এক প্রবাসী ও সিপা আকতার (১০) নামের এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চাকমারকুল ইউনিয়নের মিয়াজীপাড়ার বাসিন্দা গিয়াসউদ্দিন গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজ গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে দুর্ঘটনাবশত কাউয়ারখোপ এলাকার মঈশকুম সেতুর সঙ্গে তাঁর মোটরসাইকেলটি ধাক্কা খেলে তিনি গুরুতর আহত হন। পরে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।অন্যদিকে, গতকাল সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু চাকমারকুল ডেইঙ্গাপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দা শামসুল আলমের শিশুকন্যা সিপাকে একটি দ্রুতগামী পিকআপ চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী-চন্দ্রগঞ্জ সড়কের ফলোয়ানের পোল এলাকায় গতকাল দুপুরে দ্রুতগামী ট্রাক পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে একজন অটোরিকশার যাত্রী নিহত ও শিশুসহ অপর তিনজন আহত হয়।নিহত নারীর নাম খতিজা বেগম (৫৫)। আহত তিনজন নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু ছায়েদ জানান, ট্রাকটি আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।চৌদ্দগ্রাম (কুমিল্লা): কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল সকালে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাহাদী নামের ছয় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত মাহাদী এলাকার সুজাতপুর গ্রামের মৃত হাফেজ কলিমুল্লাহর ছেলে। সে স্থানীয় আমজাদের বাজার মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র।