গোপালগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত বুধবার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন এ কর্মসূচির উদ্বোধন করেন।কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়গামী শিশুদের পুষ্টিমান নিশ্চিত করতে সরকার স্কুল ফিডিং কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির মধ্য দিয়ে আগামী প্রজন্ম জ্ঞাননির্ভর ও বিজ্ঞানমনস্ক হয়ে উঠবে।জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, বিশ্বখাদ্য কর্মসূচির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টা রাডার, প্রকল্প পরিচালক বাবলু কুমার সাহা, কর্মসূচি বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) নির্বাহী পরিচালক মো. শহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক ও টুঙ্গিপাড়া উপজেলার চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস প্রমুখ।বাংলাদেশ সরকার ও বিশ্বখাদ্য কর্মসূচির যৌথ অর্থায়নে ১১৪২.৮০ কোটি টাকা ব্যয়ে দেশের দারিদ্র্যপীড়িত এলাকার স্কুলগুলোতে ফিডিং কর্মসূচি নেওয়া হয়েছে। ২০১৪ সালের জুন পর্যন্ত এই প্রকল্প চলবে।