গোপালগঞ্জে স্থাপনা উচ্ছেদ, দেড় শ পরিবার আশ্রয়হীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ শেখ কামাল স্টেডিয়ামসংলগ্ন দক্ষিণ মৌলভীপাড়ার দেড় শতাধিক পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। ফলে পরিবারগুলো আশ্রয়হীন হয়ে পড়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন এই উচ্ছেদ অভিযান শুরু করে।উচ্ছেদ হওয়া মো. হান্নান মোল্লা, মজিবর সিকদার, বাবু সিকদার, আলাউদ্দিন মিয়া, আমিনুল চৌধুরী বলেন, জায়গাটি খাস নয়। তাঁদের নিজস্ব সম্পত্তি। জায়গার মালিকানা নিয়ে সরকারের সঙ্গে তাঁদের উচ্চ আদালতে মামলা চলছে। মামলা নিষ্পত্তির আগেই বেআইনিভাবে তাঁদের উচ্ছেদ করা হয়েছে। তাঁরা আরও বলেন, গত মঙ্গলবার সদর তহশিল অফিসের পাঁচ-ছয়জন কর্মচারী মৌখিকভাবে উচ্ছেদের নোটিশ দেন। তাঁদের বুধবারের মধ্যে ঘরবাড়ি ভেঙে নিতে বলা হয়। এভাবে উচ্ছেদ করায় এখন তাঁরা আশ্রয়হীন হয়ে পড়েছেন। মামলার বিবরণ থেকে জানা গেছে, ১৯৭৫-৭৬ সালে সাব-কবলার মাধ্যমে দেড় একর জমি হাসেন মোল্লা ও ১ দশমিক ৭৩ একর জমি তানজেল মোল্লা বন্দোবস্ত নেন। কিন্তু ২০০৭ সালে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য এই জায়গার ওপর নির্মিত স্থাপনা উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হয়। এরপর হাসেন মোল্লা বাদী হয়ে জেলা জজ আদালতে মামলা করেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দক্ষিণ মৌলভীপাড়ায় প্রায় চার একর খাস জায়গায় দেড় শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করে আসছে। তাদের বিভিন্ন সময় উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা ওই জায়গার দখল ছাড়েনি। অভিযানে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী হাকিম আবুল খায়ের জানান, শেখ কামাল স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে উন্নীত করার কাজ শুরু হয়েছে। এই স্টেডিয়ামের পাশে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। তাই অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছে।