গোপালগঞ্জে স্বাচিপের কমিটি নিয়ে যা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কমিটি গঠন নিয়ে চিকিৎসকেরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। পাল্টাপাল্টি কমিটি দিয়েছে দুটি পক্ষ। এ নিয়ে জেলা সিভিল সার্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি বৈঠকও ভেস্তে গেছে। দুটি পক্ষই নিজেদের কমিটি বৈধ দাবি করছে।একটি কমিটির নেতৃত্ব দিচ্ছেন রণেন্দু শেখর বিশ্বাস ও অন্যটির আবিদ হাসান। আবিদ জেলা বিএমএরও সভাপতি। ফলে বিএমএর মধ্যেও এর প্রভাব পড়েছে। দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন সদর হাসপাতালসহ জেলার চারটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালকের পদ থেকে সম্প্রতি অবসরকালীন ছুটিতে যাওয়া রণেন্দুকে আহ্বায়ক করে গত ২৭ আগস্ট জেলা স্বাচিপের ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক এম ইকবাল আর্সলান এ কমিটি অনুমোদন করেছেন বলে দাবি করা হচ্ছে।অভিযোগ উঠেছে, কমিটির আহ্বায়ক রণেন্দু বিগত চারদলীয় জোট সরকারের সময় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের গোপালগঞ্জ কমিটির এক নম্বর নির্বাহী সদস্য ছিলেন। এ ছাড়া অরুণ কান্ত বিশ্বাস, চিন্ময় দত্তও এ কমিটিতে ছিলেন।রণেন্দুর নেতৃত্বাধীন কমিটিকে চ্যালেঞ্জ করে বিএমএর গোপালগঞ্জ শাখার সভাপতি আবিদের নেতৃত্বে সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান মিয়াকে সদস্যসচিব করে ১৭ সদস্যের পাল্টা কমিটি গঠন করা হয়। অবশ্য এই কমিটির আহ্বায়ক শেখ আবিদ হাসানের দাবি, রণেন্দুর নেতৃত্বাধীন কমিটির এক সপ্তাহ আগে গত ১৯ আগস্ট তাঁদের কমিটি গঠন করা হয়।উদ্ভূত পরিস্থিতিতে গত শনিবার গোপালগঞ্জ আড়াই শ শয্যার হাসপাতালের সম্মেলনকক্ষে একটি বৈঠক হয়। বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে সিভিল সার্জন একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের আশ্বাস দিয়ে সব চিকিৎসককে স্বাচিপের সদস্য ফরম তাঁর কাছে জমা দিতে বলেন। কিন্তু তাঁর প্রস্তাবের বিরোধিতা করেন রণেন্দুর নেতৃত্বাধীন কমিটির সদস্যরা; এবং তাঁরা বৈঠকস্থল থেকে বের হয়ে যান। জানতে চাইলে অমিত মল্লিক বলেন, ‘এখন সবাইকে ড্যাব বলা হচ্ছে। কিন্তু সে সময় সিভিল সার্জনের নেতৃত্বে আবিদ হাসানের হাসপাতালে বসেই ড্যাবের কমিটি হয়েছে। তখন সংখ্যালঘু সম্প্রদায়ের যেসব চিকিৎসককে ওই কমিটিতে রাখা হয়েছিল, তাঁরা অনেকেই তা জানতেন না। আবার সিভিল সার্জনের কারণে অনেকে বিপদে পড়ে নাম লিখিয়েছিলেন।’স্বাচিপের পাল্টা কমিটির সদস্য প্রল্লাদ চন্দ্র বিশ্বাস বলেন, ‘গত ৯ আগস্ট একটি কমিটি গঠনের জন্য প্রথমে উভয় পক্ষই মিলিত হয়েছিলাম। কিন্তু ওই দিন সভা হয়নি। এরই মধ্যে রণেন্দুর নেতৃত্বে একটি পকেট কমিটি কেন্দ্র থেকে অনুমোদন করা হয়, যা এ কমিটির বাইরে কেউ জানতেন না।’জানতে চাইলে রণেন্দু শেখর বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রের মহাসচিব এম ইকবাল আর্সলান আমার বন্ধু। সে ডেকে নিয়ে আমাকে দিয়ে এই কমিটি করে সদস্য সংগ্রহ করতে বলেছে।’ তিনি আরও বলেন, ‘আমি চিতমারীতে চাকরি করার সময় স্বাচিপের সঙ্গে থাকার কারণে নিগৃহীত হয়েছি। এখন আবার আমাকে ড্যাব বলা হচ্ছে। যে কমিটির কথা বলা হচ্ছে, সে সময় আমি গোপালগঞ্জের বাইরে চাকরি করেছি। কেউ কমিটিতে রাখলে আমি কী করতে পারি।’ আবিদ হাসান শেখ বলেন, ‘কেউ ভুল করে ড্যাব করে থাকতে পারে। তবে তাঁরা সেই ভুল স্বীকার করলে স্বাচিপের কমিটিতে থাকবেন। কিন্তু নেতৃত্ব তাঁদের হাতে যেতে পারে না। তা ছাড়া নিয়মতান্ত্রিক উপায়ে সবার সঙ্গে কথা বলে কমিটি হতে হবে।’