গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মাটিকাটা শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। গতকাল শুক্রবার রাত একটার দিকে সদরের মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সদরের গোলাবাড়িয়া গ্রামের রিয়াজ মোল্লা (২০) ও একই গ্রামের মো. রেজাউল কাজী (২২)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে গোলাবাড়িয়াগামী একটি মাটিকাটা ট্রলিকে খুলনা থেকে কুমিল্লাগামী ট্রাক চাপা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ওই ট্রলির চালক, চালকের সহকারী ও তিন শ্রমিকসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পথে রেজাউল ও রিয়াজ মারা যান। আহত বাকি তিনজন ওই ট্রলির চালক বণিক সরকার (৩০), তাঁর সহকারী সজল সরকার (২৫) ও যাত্রী মারুফকে (১৮) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। ট্রাকের চালক রিপন এবং তাঁর সহকারী সালাউদ্দিন ও অঞ্চলকে আটক করেছে পুলিশ।