গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১১টায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সদর উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের নুরি মুন্সীর ছেলে শহিদুল মুন্সী (৩৫) এবং একই গ্রামের বিলু মুন্সীর ছেলে বাবু মুন্সী (৩০)।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ এবং সদর থানার উপসহকারী পরিদর্শক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাতে দুর্ঘটনাটি কীভাবে হয়েছে, সে ব্যাপারে কেউ কিছু বলতে পারেননি। রাস্তার ওপর দুমড়েমুচড়ে যাওয়া তিন চাকার গাড়ি পড়ে থাকতে দেখে ধারণা করা হচ্ছে, ভারী যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা চালান। পরে শহিদুল ও বাবুকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।