গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, প্রতিবাদে সড়ক অবরোধ
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার সকালে ওই সড়কে অবরোধ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নির্মাণশ্রমিক ও একজন নছিমনচালক। নিহত সবাই কোটালীপাড়া উপজেলার ঘাঘর ইউনিয়নের কয়খা গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন দুই নির্মাণশ্রমিক ইমরান হাওলাদার (৩০) ও হেলাল হাওলাদার (৪৮) এবং নছিমনচালক নাজির গাজী (৩৮)।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নছিমনটি একটি মিক্সচার মেশিন নিয়ে কোটালীপাড়ার দিকে আসছিল। ওই সময় কোটালীপাড়া থেকে গোপালগঞ্জগামী মুন পরিবহনের একটি লোকাল বাস উপজেলার হিরণ ইউনিয়নের তাড়াশি এলাকায় নছিমনকে ধাক্কা দেয়। এতে নছিমনটি দুমড়েমুচড়ে যায়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই বাসটি ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদের পানিতে ফেলে দেয়।
এ ঘটনায় ওই নছিমনের চালকসহ চারজন আহত হন। আহত ব্যক্তিদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে নির্মাণশ্রমিক ইমরান ও হেলালকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত নির্মাণশ্রমিক সোহরাব মিয়া (৫০) ও নছিমনচালক নাজির গাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নছিমনচালক রাতে মারা যান।
এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের ঘাঘর ইউনিয়নের কয়খা গ্রাম এলাকায় সড়কে অবরোধ করা হয়। কয়খা গ্রামের বাসিন্দা সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ইউপি সদস্য রেখা পারভীন বলেন, গতকাল সকাল সাতটা থেকে এলাকাবাসী সড়কে অবরোধ শুরু করেন। পরে কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান, ইউএনও জিল্লার হোসেন, কোটালীপাড়া পৌরসভার মেয়র ওহিদুল হাজরা ও ওসি কামরুল ফারুক ঘটনাস্থলে এসে উপযুক্ত শাস্তির আশ্বাস দিলে সকাল ১০টার দিকে প্রতিবাদকারীরা অবরোধ তুলে নেন।
কোটালীপাড়া থানার ওসি কামরুল ফারুক প্রথম আলোকে বলেন, এ দুর্ঘটনায় নিহত ইমরানের চাচা জয়নাল ভূঁইয়া থানায় একটি মামলা করেছেন।