গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় ওবায়দুর রহমান মোল্লা (৩৫) নামের পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মিল্টন বাজারের ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য ওবায়দুর রহমান গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমুল্লকদী গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাতে ওবায়দুর রহমান মোটরসাইকেলে করে কাশিয়ানী থেকে গোপীনাথপুর পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন। এ সময় মিল্টন বাজারের ঢাকা-খুলনা মহাসড়কে একটি অজ্ঞাত গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে কাশিয়ানী থানার পুলিশ লাশটি উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে আজ বুধবার গোপালগঞ্জ পুলিশ লাইনসে নিহত ওবায়দুর রহমান মোল্লার জানাজা হয়। পরে তাঁর মরদেহ ভাঙ্গায় নিজ বাড়িতে পাঠানো হয়। এ ব্যাপারে কাশিয়ানী থানায় একটি মামলাহয়েছে।