গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা রুবি বেগম (৩৪) ও ছেলে রিফাত (৬) নিহত হয়েছে। গতকাল শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ভূঁইয়াপাড়া নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় রুবি বেগমের স্বামী হাসিব মোল্লা (৪৫) গুরুতর আহত হন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসিব মোল্লা উপজেলার হরিদাসপুর ইউনিয়নের হরিদাসপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় একটি পোশাকশিল্প প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
হাসিব মোল্লার চাচাতো ভাই গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের ডিগ্রি শ্রেণির শিক্ষার্থী শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থলেই চাচি ও চাচাতো ভাই নিহত হয়। গুরুতর অবস্থায় চাচা হাসিব মোল্লাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হাসিব মোল্লার দুই ছেলে। বড় ছেলে রমজান (১০) ঢাকায় একটি মাদ্রাসায় পড়ে।
গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর পুলিশ তদন্তকেন্দ্রের এসআই আবদুস সোবাহান জানান, হাসিব মোল্লা ঢাকা থেকে বাসার আসবাব নিয়ে ট্রাকে করে গ্রামের বাড়ি গোপালগঞ্জের হরিদাসপুরে আসছিলেন। ওই ট্রাকে তাঁর স্ত্রী রুবি বেগম ও ছেলে রিফাতও ছিল। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে পেছন দিক দিয়ে ধাক্কা লাগে তাঁদের বহনকারী ট্রাকের। এতে ট্রাকের সামনে বসে থাকা মা রুবি বেগম ও ছেলে রিফাত ঘটনাস্থলে নিহত হয় ও হাসিব মোল্লা গুরুতর আহত হন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, ঘটনাস্থলে রাস্তার পাশে একটি বিলবোর্ড টাঙানো রয়েছে। তা ছাড়া রাতে কুয়াশাও পড়েছিল। এই কারণে হয়তো চালক সড়কের বাঁ দিকে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে পাননি। তিনি বলেন, এ দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক পলিয়ে গেছেন।