গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, আহত ৫
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ফারুক হোসেন (৩৮) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। গত সোমবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলির ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকাবাসী এক ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে এবং তারা নিজেরাই ঘটনাস্থলে গতিরোধক তৈরি করে। গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সোবহান জানান, ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিজেলচালিত একটি তিন চাকার যান নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ওই যানের আরোহী চন্দ্রদিঘলিয়া ভূঁইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন মারা যান। যানটির অপর পাঁচ যাত্রী আহত হন। তাঁদের গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত শিক্ষকের বাড়ি সদর উপজেলার নিজড়া গ্রামে। দুর্ঘটনার পর এলাকাবাসী ঘটনাস্থলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে তারা আটকা পড়া একটি ট্রাক থেকে ইট নিয়ে মহাসড়কে গতিরোধক তৈরি করে।