গোপালগঞ্জে হামলায় এসআই আহত, ব্যবসায়ীদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ শহরের ব্যবসায়ীদের সমাবেশ থেকে গতকাল রোববার পুলিশের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে এক উপপরিদর্শক গুরুতর আহত হয়েছেন। শহরের ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের প্রতিবাদে ব্যবসায়ীরা ওই সমাবেশ আয়োজন করেছিলেন। এ ছাড়া তাঁরা এই ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন।
এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হওয়ায় গ্রেপ্তার আতঙ্কে নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। দোকান বন্ধ থাকায় ও লোকজন বাইরে না আসায় শহর এখন ফাঁকা হয়ে পড়েছে।
হামলায় আহত হওয়া ওই উপপরিদর্শকের (এসআই) নাম মো. মনজেল আলী (৩২)। তিনি সদর থানায় কর্মরত আছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে গতকাল চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া ও ঘোষেরচরের স্কুলছাত্রদের মধ্যে বয়সে বড়-ছোট নিয়ে কথা-কাটাকাটি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে গত শুক্রবার দুপুরে দুলাল হোসেন নামে মিয়াপাড়ার এক তরুণের ওপর ঘোষেরচরের কয়েকজন তরুণ হামলা চালালে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার রাতে শহরের লঞ্চঘাট এলাকায় মিয়াপাড়ার লোকজন ঘোষেরচরের লোকজনের ওপর হামলা চালায়। এই ঘটনার জের ধরে গতকাল সকালে উভয় পক্ষ শহরের চৌরঙ্গীতে মহড়া দিতে থাকে। এই সময় উভয় পক্ষের লোকজন শহরের মেহেদী জুয়েলার্স, চাঁদনী জুয়েলার্স, বারবিকিউ চায়নিজ রেস্টুরেন্ট, সম্পা স্ন্যাক্সসহ ১০টি দোকান ভাঙচুর করে। এই সময় পুলিশ সেখানে এসে তাদের লাঠিপেটা ও তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে। এতে ১০ জন আহত হয়।
ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বেলা দুইটার দিকে ব্যবসায়ীরা চৌরঙ্গীতে সমাবেশের আয়োজন করে। এ সময় সেখানে দায়িত্ব পালনকারী কয়েকজন পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলায় সদর থানার এসআই মনজেল আলী আহত হলে তাঁকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসিত কুমার মল্লিক জানান, আহত পুলিশ কর্মকর্তার মাথার আঘাত গুরুতর। এ ঘটনার পর শহরের সর্বত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।
গোপালগঞ্জ সমিঞ্চলিত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাসু সিকদার জানান, পুলিশের ওপর হামলার ঘটনার সঙ্গে ব্যবসায়ীরা জড়িত নন। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, কমপক্ষে ১০টি দোকানে হামলার ঘটনা ঘটেছে। দোকানগুলো ওই দুই পক্ষের সমর্থকদের। পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল একটি মামলা দায়ের করেছে।