গোপালগঞ্জে হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তব্যরত চিকিৎসকে মারধরের জের ধরে বিএমএর আহ্বানে গোপালগঞ্জে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন। গতকাল রোববার সকাল ১০টায় চিকিৎসকেরা এই কর্মবিরতি শুরু করেন। এ কারণে দূরদূরান্ত থেকে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা কয়েক হাজার রোগীকে ভোগান্তিতে পড়তে হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসিত মল্লিক জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বহির্বিভাগে কর্মবিরতি চলবে। এ সময় চিকিৎসকেরা কালো ব্যাজ ধারণ করবেন। তবে জরুরি বিভাগ ও অন্তর্বিভাগে চিকিৎসকেরা আগের মতো কাজ করবেন। গত শনিবার বিএমএর এক সভায় এ কর্মসূচি নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকেরা অভিযোগ করেন, গত শুক্রবার সকাল সোয়া ছয়টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবদুল মান্নানকে হাসপাতালের নার্স নাসিমা পারভিন ও তাঁর স্বামী মোহামঞ্চদ আলী মারধর করেন।খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার আহত চিকিৎসক আবদুল মান্নান গোপালগঞ্জ থানায় নার্স নাসিমা পারভিন ও তাঁর স্বামী মোহামঞ্চদ আলীকে আসামি করে একটি মামলা করেন। সিভিল সার্জনের কার্যালয়ের পক্ষ থেকে পৃথক একটি মামলার প্রস্তুতি চলছে। আহত চিকিৎসক আবদুল মান্নান জানান, ১৮ ফেব্রুয়ারি শিপন বিশ্বাস নামের এক রোগী অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তাঁর পায়ের হাড় ভাঙা ছিল। নার্স নাসিমা পারভিন এ বিষয়ে তাঁকে সনদ দিতে নিষেধ করেন। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে তাঁর স্বামী মোহামঞ্চদ আলী ও দেবর আফজাল হোসেন জড়িত। এরপর শুক্রবার সকাল সোয়া ছয়টার দিকে জরুরি বিভাগে চিকিৎসকের কক্ষে ঢুকে মোহামঞ্চদ আলী ও নাসিমা পারভিন তাঁকে হাতুড়িপেটা করেন ও কিলঘুষি মারেন। একপর্যায়ে কক্ষের কম্পিউটার, টেবিলের কাচ ও অন্যান্য আসবাব ভাঙচুর করেন। তবে মোহমঞ্চদ আলী বলেছেন, এক নার্সের বাসায় যাওয়ার জন্য ওই চিকিৎসকের সঙ্গে কথা হয়। পরিচয় হওয়ার পর তাঁকে ভুয়া চিকিৎসা সনদ দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি উত্তেজিত হয়ে তাঁকে ধাক্কা দেন। তখন তিনি তাঁকে চড় মারেন।