গোপালগঞ্জে ১৫ স্কুলশিক্ষার্থী হঠাৎ অসুস্থ
গোপালগঞ্জে গত শনিবার ও গতকাল রোববার একটি বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে। কাশিয়ানীর ফুকরা মদনমোহন একাডেমিতে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের মধ্যে দুজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে ওই বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, মাথা ঘোরা ও বমি বমি ভাব হওয়ায় প্রথমে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী সংজ্ঞা হারিয়ে ফেলে। আধঘণ্টার মধ্যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মোট ১১জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। গতকাল বেলা ১১টার দিকে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির চার শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নদ্দীন বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শন করেছেন।