গোপালগঞ্জের আদালতে মুফতি হান্নানসহ সাতজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান মুন্সিসহ সংগঠনটির সাত নেতা-কর্মীকে গতকাল বুধবার গোপালগঞ্জের আদালতে হাজির করা হয়। এঁরা সবাই শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার এজাহারভুক্ত আসামি।গতকাল মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে জামিনে থাকা দুই আসামি হাজির না থাকায় সাক্ষ্য গ্রহণ করা হয়নি। ২৬ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।মামলটির সাক্ষী বর্তমানে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক নূর হোসেন জানান, ২০০০ সালের জুলাই মাসের শেষ সপ্তাহে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলায় দূরনিয়ন্ত্রিত বোমার মাধ্যমে হত্যাচেষ্টার ঘটনায় মোট তিনটি মামলা হয়। এটি সর্বশেষ রাষ্ট্রদ্রোহ মামলা। আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৩ জানুয়ারি মামলাটির প্রথম শুনানি হয়। তবে আসামি ও সাক্ষীরা নির্ধারিত দিনে হাজির না হওয়ায় এ পর্যন্ত মামলার ৫০ জন সাক্ষীর মধ্যে মাত্র দুজনের সাক্ষ্য গ্রহণ করতে পেরেছেন আদালত। গতকাল প্রথমবারের মতো মামলাটির বাদী পুলিশের অপরাধ দমন বিভাগের (সিআইডি) সাবেক সহকারী পুলিশ সুপার মুন্সি আতিকুর রহমান আদালতে সাক্ষ্য দিতে আসেন। তবে জামিনে থাকা দুই আসামি মাওলানা রফিকুল ইসলাম ও মাওলানা আমিরুল ইসলাম আদালতে হাজির না থাকায় সাক্ষ্য গ্রহণ করা হয়নি। তাঁদের আইনজীবী যথাক্রমে মোক্তার আলী ও আজগর আলী আদালতের কাছে সময় প্রার্থনা করেন। পরে আগামী ২৬ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেদী আল মাসুদ।মুফতি হান্নান ছাড়াও গতকাল আদালতে হাজির করা হয় মো. মফিজুর রহমান, মো. মাহমুদ আজাহার, মো. রাশেদুজ্জামান, মো. তারেক হোসেন, মো. ওয়াদুদ মোল্লাসহ মোট সাতজনকে। গতকাল বিশেষ প্রহরায় র্যাব ও পুলিশ তাঁদের আদালতে আনে। পুরো আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।এদিকে মামলার এজাহারভুক্ত ১৫ আসামির মধ্যে মো. আজিজুল হক, মো. লোকমান, মোসাহেব মোড়ল, শেখ মো. এনামুল হক, মোসাহেব হাসান, সরোয়ার হোসেন এখনো পালাতক। আর মুফতি হান্নানের ছোট ভাই তৎকালীন ছাত্রলীগের নেতা আনিসুল ইসলাম মুন্সিসহ তিনজন বর্তমানে জামিনে রয়েছেন। গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, পলাতক আসামিদের খুঁজে বের করতে তাঁরা তৎপর রয়েছেন। দেশের বাইরেও খোঁজখবর নেওয়া হচ্ছে।বানিয়ারচর গির্জায় বোমা হামলা মামলায় ৯ জঙ্গির হাজিরা: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গির্জায় বোমা হামলার ঘটনায় দুটি মামলায় গতকাল মুকসুদপুর অঞ্চলের বিচারিক হাকিম গাজী জামসেদুল হকের আদালতে হাজির করা হয় মুফতি হান্নান, আমির খান, রায়হান সিকদার, বিল্লাল হোসেন, মেহেদী হাসান, ওয়াসিম আক্তার, মাহমুদ আজাহার, রাশেদ ড্রাইভার ও মহিবুল্লাহকে। মামলাটি পুলিশের অপরাধ দমন বিভাগের গোপালগঞ্জ অঞ্চলের পরিদর্শক আক্তারুজ্জামান তদন্ত করছেন। ২০০১ সালের ৩ জুন বানিয়ারচর গির্জায় বোমা হামলার ঘটনায় ১০ জন নিহত ও অর্ধশত লোক আহত হয়। এ ঘটনায় গির্জার পক্ষ থেকে তৎকালীন ফাদার মিম্মো পিটানজা বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে মুকসুদপুর থানায় দুটি পৃথক মামলা করেন।