গোপালগঞ্জের চার মুক্তিযোদ্ধা হত্যা মামলা ষষ্ঠবারের মতো স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে চার দশক আগে প্রতিপক্ষের হামলায় নিহত চার মুক্তিযোদ্ধা হত্যার মামলাটি ষষ্ঠবারের মতো হাইকোর্টের একটি বেঞ্চ স্থগিত করেছেন। আজ সোমবার গোপালগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে এই মামলাটি শুনানির নির্ধারিত দিন ছিল।
স্থগিতাদেশের জন্য গোপালগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক নূর মো. জাহাঙ্গীর হোসেন আগামী ২০১৪ সালের ২৬ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। এ নিয়ে হাইকোর্ট মামলাটি ষষ্ঠবারের মতো স্থগিত করল।
বাদীপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন সরদার জানান, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ অক্টোবর তিন মাসের জন্য মামলাটি স্থগিত আদেশ দেন। তিনি বলেন, মামলাটি দীর্ঘ চার দশক ধরে ঝুলে আছে। আসামিপক্ষ বারবার বিচার বাধাগ্রস্ত করার জন্য উচ্চ আদালতে গিয়ে মামলা স্থগিত করে রাখছে। এর আগেও উচ্চ আদালত এমন পাঁচবার আদেশ দিয়েছিলেন।
নিহত মুক্তিযোদ্ধা কমলেশ বেদজ্ঞের মেয়ে সুতপা বেদজ্ঞ প্রথম আলোকে বলেন, পিতার হত্যাকাণ্ডের বিচার ছাড়া আর জীবনে কিছু চাওয়ার নেই। যত প্রতিবন্ধকতা সৃষ্টি করা হোক জীবনের শেষ দিন পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব।
১৯৭৩ সালের ১০ মার্চ জাতীয় নির্বাচনী প্রচার শেষে কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ জেলা সদরে ফেরার পথে সদর উপজেলার টুপুরিয়া গ্রামে কমিউনিস্ট পার্টির নেতা কমরেড ওয়ালিউর রহমান ওরফে লেবু, ন্যাপের নেতা ও সাংসদ প্রার্থী কমলেশ বেদজ্ঞ, ছাত্র ইউনিয়ন নেতা বিষ্ণুপদ এবং মানিককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার এক দিন পর একমাত্র প্রাণে বেঁচে যাওয়া লুত্ফর রহমান গঞ্জরের জবানবন্দির ভিত্তিতে একটি মামলা হয়। এই মামলায় ১৯৭৩ সালে দেওয়া অভিযোগপত্রে পুলিশ ২৩ জনের নাম উল্লেখ করেছিল। তবে বর্তমানে মামলার প্রধান আসামি হেমায়েত উদ্দিনসহ মাত্র ১০ জন বেঁচে আছেন।