গোপালগঞ্জের রামশীলে আশ্রয়দাতাদের সাক্ষ্য নিল তদন্ত কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালের নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়, আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের ওপর নির্যাতনের ঘটনা তদন্তে গঠিত কমিশনের সদস্যরা গতকাল শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়ন পরিদর্শন করেছেন। ২০০১ সালে চারদলীয় জোটের ক্যাডারদের হাতে নির্যাতনের শিকার হয়ে বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার হাজার হাজার মানুষ রামশীল বাজার, কলেজসহ পুরো ইউনিয়নের বিভিন্ন বাড়িতে আশ্রয় নেয়। রামশীলের লোকজন প্রায় এক বছর নির্যাতিত ব্যক্তিদের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করে।তদন্ত কমিশনের চেয়ারম্যান সাবেক জেলা ও দায়রা জজ মো. সাহাবুদ্দিন আহম্মদ, সদস্য শহিদুল ইসলাম ও মনোয়ার হোসেন গতকাল দুপুরে রামশীল বাজারে প্রায় দুই ঘণ্টা ধরে নির্যাতিত ব্যক্তিদের আশ্রয় দিয়েছেন—এমন ১৪ জনের সাক্ষ্য নেন। তাঁদের মধ্যে রয়েছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, রামশীল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অসিম কুমার বিশ্বাস, সাবেক চেয়ারম্যান সচিন্দ্র নাথ মধু, মৃণাল কান্তি হালদার, রামশীল হাট কমিটির সহসভাপতি বুন্ধিমন্ত হালদার, যোগেন্দ্র নাথ হালদার ও নিহার রঞ্জন বাড়ৈ।