গোপালগঞ্জের সেই বাড়িটি দখলমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ডিগল মিয়ার দখল করা বাড়ি মূল মালিককে বুঝিয়ে দিয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তালা ভেঙে পুলিশ বাবলু বিশ্বাসকে বাড়ির দখল বুঝিয়ে দেয়।এর আগে গত ২৫ জুলাই ওই বাড়ির মালিকানা দাবি করে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটুর বড় ছেলে ডিগল মিয়াসহ অন্য ছেলেরা বাড়িটিতে তালা ঝুলিয়ে দেন। ডিগল বাড়ির ভাড়াটেদেরও উচ্ছেদ করার উদ্যোগ নেন। এ ব্যাপারে গত সোমবার গোপালগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেন বাবলু। পুলিশ অভিযোগটি আমলে না নিয়ে গত মঙ্গলবার সকালে উভয় পক্ষকে বিষয়টি মীমাংসার জন্য থানায় আসতে বলে। ওই দিন সকালে খ্রিষ্টান নেতারা থানায় গেলে ডিগল মিয়া ও তাঁর ভাই সোহেল মিয়া তাঁদের গালাগাল করেন। একপর্যায়ে পুলিশের সামনেই তাঁরা যাজক রেভারেন্ট যোসেফ পান্ডে ও মিটুল বালাকে মারধর করেন। বাড়ি দখল ও মারধরের প্রতিবাদে মঙ্গলবার গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করে খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন।এ দিকে গতকাল বুধবার বিকেলে ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ খুলনা বিভাগীয় কমিটির নেতারা গোপালগঞ্জে এসেছেন। বাড়ি দখল ও মারধরের ব্যাপারে গোপালগঞ্জ ক্রিশ্চিয়ান ফেলোশিপ, পুলিশ ও স্থানীয় প্রশাসনসহ রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁদের বৈঠক করার কথা রয়েছে।অন্যদিকে গত মঙ্গলবার রাতে গোপালগঞ্জ ক্রিশ্চিয়ান ফেলোশিপ জরুরি সভা করে। সভায় যাজকের ওপর হামলার বিচার এবং এ ব্যাপারে মামলা গ্রহণ, আওয়ামী লীগের নেতা রাজা মিয়া বাটুর দখলে থাকা ক্রিশ্চিয়ান পাড়ায় সেন্ট মথুরানাথ এজি চার্চের জমি উদ্ধারসহ ছয় দফা দাবি উত্থাপন করা হয়। সংগঠনের সভাপতি রেভারেন্ট শমুয়েল এস বালা বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী সাত দিনের মধ্যে এসব দাবি মানা না হলে দেশের প্রতিটি জেলায় তাঁরা বিক্ষোভ ও মানববন্ধন করবেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে লংমার্চ করে তাঁর কাছে স্মারকলিপি দেবেন।জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বলেন, ‘বাড়ি দখলের বিষয়টি তদন্তের জন্য গতকাল অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদ হোসেনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছি। কমিটি উভয় পক্ষের কাগজপত্র দেখে প্রতিবেদন দেবে। এর পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’