গোপালগঞ্জের সেই ৭০০ পরীক্ষার্থী উত্তীর্ণ
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত দেখানো ৭০০ পরীক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে বলে ওই কলেজের অধ্যক্ষ নিশ্চিত করেছেন। প্রকাশিত ফলাফলে সব শিক্ষার্থীকে উত্তীর্ণ দেখানো হয়েছে। জানা গেছে, ২০১১ সালের ২৮ সেপ্টেম্বর শেখ ফজিলাতুননেছা মহিলা কলেজ কেন্দ্রে সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থীদের স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা হয়। চলতি বছরের ২২ মে ফল প্রকাশ করা হয়। সেখানে এই পরীক্ষার্থীদের কাউকে সি প্রমোটেড (শর্ত সাপেক্ষে পাস) আবার কাউকে পাস দেখানো হয়েছে। পরে ২৮ মে পুনরায় ফলাফল প্রকাশ করা হয়। কিন্তু এসব শিক্ষার্থীর প্রথম দিনের পরীক্ষার ওএমআর শিট জাতীয় বিশ্ববিদ্যালয়ে না থাকার কারণে প্রথম দিনের পরীক্ষায় সবাইকে অনুপস্থিত দেখিয়ে অকৃতকার্য করে ফলাফল প্রকাশ করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা বিক্ষোভ করে আসছিলেন। মঙ্গলবার শিক্ষার্থীরা বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা কলেজের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক এক ঘণ্ঠা অবরোধ করে রাখেন।