গোপালপুরে পল্লী বিদ্যুতের কার্যালয়ে আ.লীগের তালা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল রোববার পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রকিবুল হক।রকিবুল হক এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, গোপালপুরে প্রতিদিন সাত-আট ঘণ্টা করে লোডশেডিং হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তাই পল্লী বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী ধনবাড়ী, মধুপুর ও ঘাটাইল উপজেলার মতো সমহারে বিদ্যুৎ না দেওয়া পর্যন্ত তালা খোলা হবে না।পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, উপজেলার প্রতিদিন চার মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে ১ দশমিক ৫ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায় না, তাই বাধ্য হয়েই লোডশেডিং করতে হয়। এলাকাবাসী জানায়, গত শনিবার লোডশেডিংয়ের কারণে প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ ছিল না।পল্লী বিদ্যুতের গোপালপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম—বাণিজ্যিক) মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রতিদিনের মতো গতকাল সকালে তাঁরা অফিসে দাপ্তরিক কাজ শুরু করেন। সকাল ১০টার দিকে আওয়ামী লীগের নেতা রকিবুল হকের নেতৃত্বে ৪০-৪৫ জন লোক এসে সবাইকে অফিস থেকে বের করে তালা ঝুলিয়ে দেন। বিষয়টি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশ প্রশাসন ও আমাদের সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।’মোস্তাফিজুর রহমান আরও জানান, রকিবুল হকের সঙ্গে গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল জব্বার, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মঞ্জুরুল ইসলামসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।