গোপালিরা কপালি হয় : প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গোপালগঞ্জের নাম শুনলেই বিরোধী দলীয় নেত্রীর গায়ে জ্বালা ধরে। তাঁর জন্ম ভারতে আর অন্তরে পাকিস্তান। উনি যদি পেয়ারে পাকিস্তানে চলে যেতে চান, যেতে পারেন। এদেশের মানুষকে যেন যন্ত্রনা না দেন। যন্ত্রনার হাত থেকে মানুষ মুক্তি চায়।’ এছাড়াও গোপালিরা কপালিও হয় বলে মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গোপলগঞ্জ জেলা সমিতির এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সম্মাননা প্রদান করা হয়।

গত ২৯ ডিসেম্বর গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচির দিন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া গোপালগঞ্জ সর্ম্পকে নাম বদলে দেওয়াসহ কিছু তির্যক মন্তব্য করেন।

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্ম নেওয়ায় নিজে গর্বিত বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, যতই গোপালী বলুক, গোপালীরা আবার কপালিও হয়। তিনি বলেন, গোপালগঞ্জ সম্পর্কে যিনি তিক্ত কথা বলেন, তাঁর স্বামী জিয়াউর রহমানকে মেজর থেকে মেজর জেনারেল করেছিলেন বঙ্গবন্ধু। যে বিশ্রী ভাষায় উনি কথা বলেছেন, কোনো ভদ্র মানুষের মুখ থেকে এ ভাষা আসতে পারে  তা  না শুনলে বিশ্বাস হবে না। একটা এলাকার প্রতি তাঁর এতো রাগ কেন? ক্ষোভ কেন?

শেখ হাসিনা বলেন, পাকিস্তানের সাবেক সামরিক কর্মকর্তা জানজুয়ার মৃত্যুতে খালেদা জিয়া শোকবার্তা পাঠিয়েছিলেন। এটা মিলিয়ে দেখলেই বুঝা যাবে গোপালগঞ্জের প্রতি তাঁর এতো ক্ষোভ কেন? এর বেশি বলার দরকার নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসাবে তাঁকে সব এলাকার সবাইকে এক দৃষ্টিতে দেখতে হয়। ডিজিএফআই ও এনএসআই প্রধান এবং পিএসও-তিনজনের বাড়িই নোয়াখালী। আমার তিন এডিসির বাড়ী তিন জেলায়। যখন যাকে উপযুক্ত মনে করেছি, তখন তাকে নিয়োগ দিয়েছি।

প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশ্যে বলেন, ‘উনার জন্ম বাংলাদেশের মাটিতে নয়। উনার জন্ম ভারতের শিলিগুড়িতে। যার জন্ম এ মাটিতে নয়, এদেশের মাটির প্রতি তাঁর টান থাকবে না। তাঁর জন্ম ভারতে আর অন্তরে পাকিস্তান। তার পেয়ারে পাকিস্তান, আয় মেরে জান।’ তিনি বলেন, গোপালগঞ্জ সব সময় অবহেলিত ছিল। কেবল গোপালগঞ্জ নয়, সমস্ত বাংলাদেশের সব জেলার সমান উন্নয়ন করেছি। আমরা সুষম উন্নয়নে বিশ্বাস করি।

বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারাকাত গোপালগঞ্জ সম্পর্কে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে বলেন, এ বক্তব্যের মাধ্যমে তাঁর মানসিক বৈকল্য, রাজনৈতিক বিকলাঙ্গতা এবং সাংস্কৃতিক দৈন্যতার প্রকাশ পেয়েছে। এ বক্তব্যের জন্য তাঁর ক্ষমা চাওয়া উচিত। জানি এটা তিনি করবেন না। আমি অন্য জেলার মানুষ। আমি তার হয়ে ক্ষমা চাইছি। দেশের অর্থনেতিক অগ্রগতির কিছু সূচকের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনীতিবিদ। আবুল বারাকাত বলেন, দেশের জঙ্গীবাদী সংগঠনগুলো একটা অপারেশন চালাতে পারে। তারা এর নাম দিয়েছে অপারেশন ৭১। এদের লক্ষ্যবস্তু কেবল এই দেশ ই নয়, ব্যাক্তি হিসাবে শেখ হাসিনাও।

সভাপতির বক্তব্যে শেখ কবির হোসেন বলেন, গোপালগঞ্জ সম্পর্কে মন্তব্যের জন্য বিরোধী দলীয় নেত্রীকে ক্ষমা চাইতে হবে। নইলে আমাদের লং মার্চ হবে উনার বাড়িরে দিকে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কাজী আকরাম হোসেন, মোল্লা আবু কাউছার প্রমুখ।