গোপীনাথপুর দোল মেলা জমে উঠেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যান্য বছরের তুলনায় এবার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর দোল মেলায় গরুর চেয়ে মহিষ ও ঘোড়ার আমদানি বেড়েছে। ক্রেতা-বিক্রেতাদের পদচারণে জমে উঠেছে মেলা। গত বৃহস্পতিবার পক্ষকালব্যাপী এ মেলা শুরু হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হিন্দুধর্মাবলম্বীদের দোলপূর্ণিমা উপলক্ষে গোপীনাথপুরে মেলা বসে। এলাকায় কথিত আছে, প্রায় ৪০০ বছর আগে থেকে দোলপূর্ণিমার দিন মেলা শুরু হয়। ৫০-৬০ বছর আগে মেলাটি মাসব্যাপী স্থায়ী ছিল। ১২০ একর জায়গাজুড়ে বসা মেলার অর্ধেকেরও বেশি জায়গায় রয়েছে গোহাট। আরও রয়েছে সার্কাস, যাত্রা, প্রসাধনী, থান কাপড়, জুতা, মশারি, কম্বল, পাটাসহ নানা রকমের দোকান।মেলা কমিটির সভাপতি ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাঈদ জোয়ার্দার বলেন, বিগত বছরের তুলনায় মেলায় কয়েক গুণ বেশি মহিষ ও ঘোড়া আমদানি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এ এম রফিকুন্নবী প্রথম আলোকে বলেন, মেলার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান জানান, মেলায় অস্থায়ী পুলিশক্যাম্প করা হয়েছে।