গোপীনাথপুরে ঘোড়ার মেলা
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর দোলপূর্ণিমা মেলায় এবার বিভিন্ন জাতের ঘোড়া কেনাবেচা চলছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় থেকে শুরু হয়ে বিশাল এলাকাজুড়ে বসেছে ঘোড়া কেনাবেচার হাট ‘ঘোড়াহাটী’। ৫ মার্চ থেকে এ মেলা শুরু হয়েছে। চলবে ১৮ মার্চ পর্যন্ত।
সরেজমিনে গতকাল দুপুরে দেখা যায়, ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে ‘ঘোড়াহাটী’। দরদাম ঠিকঠাকের পর ইউপি কার্যালয়ের উত্তর দিকের একটি খোলা মাঠে ঘোড়া নিয়ে যাওয়া হয়। সেখানে ক্রেতাকে দেখানো হয় ঘোড়ার দৌড়। সেখানেও ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের ভিড় লেগে আছে।
দোলপূর্ণিমা মেলা কমিটির লোকজন জানান, ৪০০ বছরের পুরোনো এ মেলা শুরু থেকেই ঘোড়ার জন্য প্রসিদ্ধ ছিল। স্বাধীনতার পরও মেলায় নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান থেকে উন্নত জাতের ঘোড়া আসত। এখনো দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এ মেলায় ঘোড়া নিয়ে আসেন। মেলায় গরু-মহিষের চেয়ে বেশি বিক্রি হয় ঘোড়া।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া গ্রামের বাসিন্দা আবুল কাশেম বলেন, তিনি ২৫ বছর ধরে মেলায় ঘোড়া নিয়ে আসছেন। এবার তিনটি ঘোড়া এনেছিলেন। ১ লাখ ১৫ হাজার টাকায় দুটি বিক্রি করেছেন। ক্ষেতলাল উপজেলার বাসিন্দা আলম হোসেন বলেন, তিনি শখের বশে ১৪ হাজার টাকায় ছোট একটি ঘোড়া কিনেছেন। বাড়িতে পুষবেন ঘোড়াটি।
আক্কেলপুর পৌর সদরের পুরাতন বাজার এলাকার বাসিন্দা ছটনা কুমার এসেছেন বাচ্চাদের নিয়ে। তিনি বলেন, ‘ঘোড়া ছিল একসময়ের প্রধান বাহন। রাজা-বাদশারা ঘোড়ায় চড়ে ঘুরতেন। এখন তো আর ঘোড়া দেখা যায় না। তাই ছেলেমেয়েকে ঘোড়া দেখাতে মেলায় এনেছি।’
মেলা কমিটির সভাপতি ও গোপীনাথপুর ইউপির চেয়ারম্যান আবু সাঈদ জোয়ার্দ্দার বলেন, হরতাল-অবরোধের মধ্যেও দেশের বিভিন্ন স্থান থেকে গরু-মহিষ ও ঘোড়ার ক্রেতা-বিক্রেতারা এসেছেন। মেলায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় মেলায় অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয়েছে।