গোপীনাথপুরে ‘দোলপূর্ণিমা’ মেলা শুরু
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে ঐতিহ্যবাহী ‘দোলপূর্ণিমা’ মেলা গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। ১৫ দিনব্যাপী এ মেলা চলবে। মেলা ঘিরে তিনটি উপজেলার শতাধিক গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে।মেলা কমিটির সভাপতি ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাঈদ জোয়ার্দ্দার বলেন, ৪০০ বছরের বেশি সময় ধরে এ মেলা চলে আসছে। এর জন্য আগাম প্রচারণার প্রয়োজন পড়ে না। প্রতিবছর দোলপূর্ণিমার এক সপ্তাহ আগে থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে গরু, মহিষ ও ঘোড়া মেলায় আসতে শুরু করে। দোলপূর্ণিমার দিন থেকে মেলায় হরেক রকমের দোকানপাট বসে।স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে প্রায় ৫০০ বিঘা এলাকাজুড়ে দোলপূর্ণিমার মেলা বসত। দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এ মেলায় গরু, ছাগল ও ঘোড়া কেনাবেচা করতে আসেন। এখন মেলার আয়তন ও স্থায়িত্ব কমে গেছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় মেলায় অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন বলেন, মেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।