গোপীবাগে একই বাসায় ছয়জনকে জবাই
রাজধানীর গোপীবাগে একটি বাড়িতে গতকাল শনিবার বাবা-ছেলেসহ ছয়জনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যার দিকে পুলিশ খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই ছয়টি রক্তাক্ত লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত বাবা ও ছেলে হলেন লুৎফর রহমান (৬০) ও সরোয়ার ইসলাম ফারুক (৩০)। নিহত বাকি চারজন হলেন মো. মঞ্জু, মজিবুর রহমান, রাসেল ও শাহীন। এই চারজনের বয়স ২১ থেকে ৩৫ এর মধ্যে।
লাশ উদ্ধার করতে গিয়ে পুলিশ ওই বাসায় হাত-পা বাঁধা অবস্থায় কয়েকজন নারী-শিশুকে জীবিত অবস্থায় পায়। তাদের একটি কক্ষে বেঁধে রেখে এ হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর পুলিশ ছাড়াও র্যাবের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশের ওয়ারী বিভাগ, র্যাব ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজন ফোন করে পুলিশকে জানান, গোপীবাগের আর কে মিশন রোডে ‘আয়না’ নামের চারতলা বাড়ির দুই তলার বাসায় তাঁরা চিৎকার ও অস্বাভাবিক শব্দ শুনেছেন। খবর পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে ছয়টি লাশ উদ্ধার করে। প্রতিটি লাশের পা ও হাত বাঁধা ও গলা কাটা অবস্থায় ছিল। মুখে ছিল স্কচটেপ লাগানো। চারটি লাশ একটি কক্ষের খাটে এবং দুটি অপর একটি কক্ষের মেঝেতে পড়ে ছিল। আরেকটি কক্ষে হাত-মুখ বাঁধা অবস্থায় ছিলেন লুৎফরের স্ত্রীসহ কয়েকজন নারী ও শিশু। ঘটনার পর ওই বাড়ি থেকে বেশ কয়েকজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মেহেদী হাসান সাংবাদিকদের জানান, নিহত লুৎফর আধ্যাত্মিক সাধনা করতেন। নিহত চারজনের মধ্যে একজন লুৎফরের খাদেম ও বাকি তিনজন মুরিদ বা ভক্ত। লুৎফরের ছেলে সরোয়ার পুরান ঢাকায় একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা বলে স্বজনেরা জানিয়েছেন।
পুলিশ ও র্যাব জানায়, জীবিত উদ্ধার হওয়া কয়েকজন স্বজন জানিয়েছেন, সন্ধ্যার আগে আট-দশজন যুবক ওই বাসায় যান। তাঁরা সবাই লুৎফরের সঙ্গে মাগরিবের নামাজ পড়েন। নামাজ শেষে বসার কক্ষে লুৎফর যুবকদের সঙ্গে নিয়ে মুড়ি খাচ্ছিলেন। লুৎফর তাঁর স্ত্রীকে দশজনের জন্য ভাতও রান্না করতে বলেন। কিছুক্ষণের মধ্যেই ওই যুবকেরা অস্ত্রের মুখে নারী ও শিশুদের আলাদা কক্ষে নিয়ে জিম্মি করেন। এরপর ওই ছয়জনকে জবাই করে হত্যা করা হয়।
এডিসি মেহেদী বলেন, আধ্যাত্মিক সাধনা করতেন বলে অনেকেই লুৎফরের বাসায় যাতায়াত করতেন। পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে কি না, ঘটনার কারণই বা কী, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। ডাকাতিরও কোনো আলামত মেলেনি। তদন্ত চলছে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, লুৎফর নিজেকে ইমাম মাহদী দাবি করতেন। এ কারণে গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। এ মতের বিরুদ্ধে যারা, তারাই তাঁকে মারতে পারে বলে ধারণা।
সরেজমিনে দেখা গেছে, চারতলা বাড়িটিতে ঢুকতে একটি লোহার ফটক ব্যবহূত হয়। ঢুকেই সরু সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই লুৎফরের বাসা। জানা গেছে, পৈতৃক সূত্রে ওই বাড়ির মালিক চার নারী। তাঁরা সম্পর্কে বোন। তবে সব কটি বাসা ভাড়া দেওয়া। দুই তলা থেকে চারতলা পরিবারকে ভাড়া দেওয়া হলেও নিচতলাটি কয়েকজন যুবক মেস হিসেবে ব্যবহার করতেন। ঘটনার পর ওই মেসের বাসিন্দাসহ বাড়ির কয়েকজনকে থানায় নিয়ে যাওয়া হয়।
বাড়ির একজন মালিক মোছাম্মৎ শিরিন সাংবাদিকদের জানান, তিন মাস আগে লুৎফরের ছেলে সরোয়ার ২৪ হাজার টাকায় ওই বাসাটি ভাড়া নেন। বাসাটিতে ছয়টি কক্ষ ও দুটি ব্যালকনি রয়েছে। এমনিতে প্রায় সময় অপরিচিত লোকজন বিভিন্ন সামগ্রী নিয়ে ওই বাসায় যাতায়াত করতেন।
শিরিন বলেন, প্রধান ফটকটিতে তালা দেওয়া হয় না। তবে অপরিচিত কেউ এলে বাড়ির নিরাপত্তাকর্মী মো. সাইফুল জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে সাইফুল একটি কাজে মহাখালীতে তাঁর (শিরিন) বোনের বাসায় যান।
বাসার ভেতরে কোনো গণমাধ্যমকর্মীকে ঢুকতে দেওয়া হয়নি। গভীর রাত পর্যন্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা আলামত সংগ্রহ করেন।