গোপীবাগে ছয় খুন: চারজন রিমান্ডে
রাজধানীর গোপীবাগে ছয় খুনের ঘটনার নয় মাস পেরিয়ে যাওয়ার পর আজ বুধবার আচমকা রমনা থানার তিনটি মামলার চার আসামিকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে তাঁদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
এ চার আসামি হলেন: জিয়াউল ইসলাম, আল আমিন, আজমির ও গোলাম সরোয়ার।
মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবুল খায়ের মাতুব্বর বলেন, চার আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। আসামিপক্ষ জামিনের আবেদন করেছিল। তবে আদালত জামিনের আবেদন নাকচ করে প্রত্যেককে চার দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক (এসআই) রাকিব উদ্দিন প্রথম আলোকে বলেন, রিমান্ডে নেওয়া চারজন রমনা থানার তিনটি মামলার আসামি। এর মধ্যে একটি সন্ত্রাসবিরোধী আইনের, একটি অবৈধ অস্ত্র ও একটি বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রক আইনের মামলা।
আদালতে দেওয়া রিমান্ড আবেদনে বলা হয়, আটজন খুনি ওই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় জড়িত আছে নিষিদ্ধঘোষিত জেএমবি। ধারণা করা হচ্ছে, এই আসামিরা ওই ঘটনা ঘটিয়েছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
উল্লেখ্য, গত বছরের ২১ ডিসেম্বর সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন রোডের ৬৪/৬ নম্বরে চারতলা ভবনের দ্বিতীয় তলার বাসায় মুরিদ সেজে ঢুকে কথিত পীর লুৎফর রহমান ফারুক, তাঁর ছেলে সারোয়ার ইসলাম ফারুক, পীরের খাদেম মঞ্জুর আলম, মুরিদ মো. শাহিন, রাসেল ও মুজিবুল সরকারকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, হত্যার সময় ১০-১২ জন লুৎফরের বাড়িতে ঢুকেছিল। হত্যা করেই তারা চলে যায়।
বাড়ি থেকে কিছু জিনিসপত্র খোয়া গেলেও তাতে ঘটনাটি পুলিশের কাছে ডাকাতি বলে মনে হয়নি। বরং কোনো ধর্মীয় উগ্রপন্থী সংগঠন ছয় খুনের ঘটনায় জড়িত বলে সন্দেহ প্রকাশ করে পুলিশ। এই হত্যাকাণ্ডে এর আগে ৩৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি।