গোপীবাগে ছয় খুন মামলার তদন্ত করছে ডিবি
রাজধানীর গোপীবাগ এলাকায় ছয় খুনের মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার সকালে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার ইলিয়াস শরীফ এ কথা জানান।
প্রথম আলো ডটকমকে ইলিয়াস শরীফ বলেন, গতকাল শনিবার রাতে নিহত লুত্ফর রহমানের ছেলে আবদুল্লাহ আল ফারুক ওয়ারী থানায় হত্যা মামলা করার পরই এটি তদন্তের দায়িত্ব পায় ডিবি।
এ ব্যাপারে ডিবির (পূর্ব) উপকমিশনার জাহাঙ্গীর আলম মাতুব্বর বলেন, ‘মামলার কাগজপত্র ওয়ারী থানা থেকে ডিবির কার্যালয়ে আনা হয়েছে। ডিবি তদন্তকাজ শুরু করলেও ওয়ারী থানা আমাদের সাহায্য করছে। তবে এখনো পর্যন্ত সন্দেহভাজন কোনো ব্যক্তি গ্রেপ্তার হয়নি।’
ওয়ারী থানার উপপরিদর্শক (তদন্ত) আবুল হাসান জানান, এই হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। তবে আজ সকালে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
গতকাল রাজধানীর গোপীবাগের একটি বাসায় বাবা-ছেলেসহ ছয়জনকে খুনের ঘটনা ঘটেছে। নিহত ছয়জন হলেন লুত্ফর রহমান (৬০), তাঁর ছেলে সরোয়ার ইসলাম (৩০), লুত্ফরের খাদেম মনজুর আলম ও ভক্ত মজিবুল সরকার, মোহাম্মদ শাহিন ও মোহাম্মদ রাসেল। এই চারজনের বয়স ২১ থেকে ৩৫-এর মধ্যে।