গোপীবাগে ছয়জনকে হত্যা মামলায় তরিকুল ২ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গোপীবাগে ছয়জনকে হত্যা মামলায় আসামি তরিকুল ইসলামকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গোপীবাগে বাবা-ছেলেসহ ছয়জনকে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী গোলাম কবির গত রোববার আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানি চক্রবর্তী এ আদেশ দেন। 

পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যা মামলারও আসামি তরিকুল ইসলাম।
রিমান্ড আবেদনে বলা হয়, ২০১৩ সালের ২১ ডিসেম্বর ওয়ারী থানার গোপীবাগের বাসায় কথিত আধ্যাত্মিক সাধক লুৎফর রহমান ও তাঁর ছেলে সরোয়ার ইসলামসহ ছয়জনকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। তরিকুল তাঁর সহযোগীদের নিয়ে এই খুন করেন। এই ব্যাপারে যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেছে। তাই তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
আবেদনে আরও বলা হয়, ঘটনার রহস্য বের করার জন্য ও অন্য আসামিদের গ্রেপ্তার করতে তরিকুলকে ১০ দিন রিমান্ডে নেওয়া জরুরি। এই আবেদনের পরিপ্রেক্ষিতে তরিকুলকে ছয় খুনের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। এ ছাড়া আসামির রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য তারিখ ধার্য করেন আদালত।
গত ৫ অক্টোবর রাজধানীর মধ্য বাড্ডায় নিজ বাড়ির দোতলায় হাত-পা বেঁধে খিজির খানকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় ১৪ অক্টোবর টাঙ্গাইল থেকে তরিকুলকে গ্রেপ্তার করে পুলিশ।
গোপীবাগে ছয়জনকে হত্যা মামলায় এর আগে চারজনকে গ্রেপ্তার দেখানো হয়।