গোপীবাগে মানিক স্মৃতি ক্রিকেটের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফ উদ্দিন আহমেদ মানিক স্মৃতি স্ফুরণ টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭-এর উদ্বোধন করেন ড. কামাল হোসেন। গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাব থেকে তোলা ছবি l প্রথম আলো
সাইফ উদ্দিন আহমেদ মানিক স্মৃতি স্ফুরণ টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭-এর উদ্বোধন করেন ড. কামাল হোসেন। গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাব থেকে তোলা ছবি l প্রথম আলো

ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ঠিক উল্টো দিকে একটি বহুতল ভবন। তার ওপর থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে বিশাল একটি ব্যানার। তাতে প্রয়াত রাজনীতিবিদ ও ক্রীড়াসংগঠক সাইফ উদ্দিন আহমেদ মানিকের ছবি। আছে সাইফ উদ্দিন আহমেদ মানিক স্মৃতি স্ফুরণ টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্টের লোগো।
ঢাকার ১৬টি ক্রিকেট একাডেমির অনূর্ধ্ব-১৬ দলের অংশগ্রহণে আগামীকাল থেকে গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবসংলগ্ন মাঠে শুরু হচ্ছে সাইফ উদ্দিন আহমেদ মানিক স্মৃতি স্ফুরণ টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এ উপলক্ষে পুরো গোপীবাগেই সাজ সাজ রব। সেটি কাল বিকেলে আরও ছড়িয়ে পড়ল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণার পর। ব্রাদার্স ইউনিয়ন ক্লাব প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন গণফোরাম সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আয়োজক কমিটির উপদেষ্টা ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাবেক সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন, ছিলেন সাইফ উদ্দিন আহমেদ মানিকের স্ত্রী ডা. ফওজিয়া মোসলেম ও তাঁর পরিবারের সদস্যরা, ব্রাদার্সের পরিচালক মিজান উদ্দিন আহমেদ, টুর্নামেন্টের আয়োজক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘স্ফুরণ’-এর সভাপতি রুহুল লোহানী আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ব্রাদার্স ছাড়াও টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো এবং জাগো রেডিও।

.
.


প্রধান অতিথির বক্তৃতায় ড. কামাল হোসেন শিশু-কিশোর ক্রিকেটারদের নিয়ে এমন একটি টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত উঠতি ক্রিকেটারদের উদ্দেশে তাঁর পরামর্শ খেলাধুলায় নীতি মেনে চলার। ড. কামাল হোসেন বলেন, ‘নীতি মেনে না খেললে সেটা কোনো খেলাই হয় না। রাজনীতি থেকে নীতি চলে গেলে যেমন সেটা আর রাজনীতি থাকে না। রাজচালাকি হয়ে যায়।’ ডা. ফওজিয়া মোসলেম সাইফ উদ্দিন আহমেদ মানিকের স্মরণে এমন একটি টুর্নামেন্ট আয়োজন করায় স্ফুরণকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘এ ধরনের উদ্যোগ দেশের তরুণ সমাজকে খেলায় উত্সাহী করবে। দেশের সংকট সমাধানে সাহায্য করবে।’
আয়োজক কমিটির উপদেষ্টা মোবাশ্বের হোসেন ভবিষ্যতে টুর্নামেন্টটি নিয়মিত আয়োজন করার আশ্বাস দেন। তিনি বলেন, ‘টুর্নামেন্টকে স্বচ্ছ রাখতে আমরা গোপীবাগের স্থানীয় কোনো একাডেমিকে টুর্নামেন্টে নিইনি। বিসিবির আম্পায়ারদের দিয়ে পরিচালনা করা হবে ম্যাচ।’ উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয় আতশবাজি পুড়িয়ে। সাইফ উদ্দিন আহমেদ মানিক স্মৃতি স্ফুরণ টি-টোয়েন্টি কাপ ক্রিকেট তাতে উৎসবের আলো ছড়াল গোপীবাগে।