গোবর থেকে গাড়ির জ্বালানির উদ্ভাবক পেলেন অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোবর থেকে গাড়ির জ্বালানি উৎপাদন করে ২৩ লাখ টাকা অনুদান পেলেন রাজশাহীর কৃতী উদ্ভাবক আব্দুস সালাম। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম’-এর অধীন একটি তহবিল থেকে গত ২৮ সেপ্টেম্বর তাঁকে এ অনুদান দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম আব্দুস সালামের হাতে অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে আব্দুস সালামের ‘বায়োগ্যাস ফিলিং স্টেশন’-এর সঙ্গে এটুআই প্রকল্পের একটি চুক্তি সই হয়। গত বছরের ৮ আগস্ট প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় শনিবারের বিশেষ প্রতিবেদন হিসেবে ‘গোবর থেকে গাড়ির জ্বালানি’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। পরে ১২ আগস্ট এটুআই প্রকল্পের ‘ইনোভেশন হান্ট’-এর প্রতিনিধিদল রাজশাহীতে আব্দুস সালামের বায়োগ্যাস ফিলিং স্টেশন পরিদর্শন করে।

আব্দুস সালাম রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর ইউনিয়নের ভাংড়া গ্রামে ১ একর ৬৯ শতাংশ জমির ওপর গরুর খামার গড়ে তুলেছেন। খামারের উপজাত দ্রব্য দিয়েই চালু করেছেন বায়োগ্যাস ফিলিং স্টেশন। গাড়ির জ্বালানি হিসেবে সংকুচিত বায়োগ্যাস উৎপাদন করে পরীক্ষামূলকভাবে ব্যবহারও করেছেন।