কৃষি জমিতে সেচ বাবদ খরচ ৬০ ভাগ কমিয়ে এনেছেন আবদুল ওয়াহেদ। জ্বালানি তেলের পাশাপাশি সেচযন্ত্রে (শ্যালো মেশিন) বায়োগ্যাস ব্যবহার করে এ সাফল্য পেয়েছেন তিনি। এখন প্রতি লিটার ডিজেল দিয়ে যন্ত্রটি চার ঘণ্টা চালাচ্ছেন। আগে চলত দেড় ঘণ্টা।বায়োগ্যাস প্লান্টটি তৈরিতে ওয়াহেদের এককালীন ৩৪ হাজার টাকা খরচ হয়েছে। প্লান্টে প্রতিদিন ৮৭ কেজি গোবর দেন। খামারের ১০টি গরু থেকেই প্রয়োজনীয় গোবর মেলে। গ্যাস তৈরির পর গোবরের উচ্ছিষ্টাংশ পুকুরে মাছের খাবারের জন্য দেওয়া হয়। ওয়াহেদের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামে। তালসার বজারে অবস্থিত জিটি কলেজে শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজ করেন তিনি।আশপাশের কয়েকটি গ্রামের কয়েকজন কৃষক জানান, বায়োগ্যাসের সাহায্যে তাঁরাও আগামীতে সেচযন্ত্র চালানোর চিন্তাভাবনা করছেন। এই পদ্ধতিতে খরচ অনেক কম।ওয়াহেদ জানান, গ্রামের মাঠে তাঁর ১০ একর জমি আছে। সাত একর জমিতে খামার করেছেন। সেখানে গরুর খামার আছে। পাশাপাশি চলে মাছের চাষ। পুকুরপাড়ে আছে বনজ-ফলদ গাছ। পাশেই বাকি তিন একর ধানি জমি। জমিতে শ্যালো-মেশিন দিয়ে সেচ দেন। প্রতিবছর সেচের পেছনে ৩৫-৪০ হাজার টাকা খরচ হয় তাঁর। এভাবে ধান চাষ করে খুব একটা লাভ থাকত না। তাই বিকল্প কিছু ভাবছিলেন ওয়াহেদ।সেচযন্ত্র চালাতে গিয়ে ওয়াহেদ দেখেন, সকালবেলা যন্ত্রটি চালু করতে অনেক কষ্ট করতে হয়। সকালে ইঞ্জিন ঠান্ডা থাকে। কিন্তু যন্ত্রটির এয়ার-ক্লিনারের মধ্যে সামান্য ডিজেল দিয়ে নিলে আর বেগ পেতে হয় না। সহজেই যন্ত্রটি চালু হয়ে যায়। এ থেকে তাঁর ধারণা হলো, এয়ার-ক্লিনারে বিকল্প জ্বালানি দিয়েও যন্ত্রটি চালানো সম্ভব। এর আগে তিনি বায়োগ্যাস দিয়ে জেনারেটর চালাতে দেখেছেন। একপর্যায়ে তিনি গ্রামীণ শক্তি সংস্থার কোটচাঁদপুর কার্যালয়ে যোগাযোগ করেন। ওই সংস্থার স্থানীয় উপসহকারী প্রকৌশলী জানান, বায়োগ্যাস দিয়েও সেচযন্ত্র চালানো যায়। সে অনুযায়ী বায়োগ্যাস প্লান্ট তৈরিতে হাত দেন ওয়াহেদ এবং সাফল্য পান। গত তিন সপ্তাহ তিনি ডিজেল ও বায়োগ্যাসের সাহায্যে সেচযন্ত্রটি চালাচ্ছেন। এবার সেচের পেছনে তাঁর ৮-১০ হাজার টাকা খরচ হবে বলে ধারণা করছেন ওয়াহেদ।গ্রামীণ শক্তি কোটচাঁদপুর উপজেলা শাখার উপসহকারী প্রকৌশলী শামিম শেখ জানান, এই প্লান্ট দেখে তাঁরাও খুশি। তাঁরা নানা কাজে বায়োগ্যাসের ব্যবহার করলেও সেচযন্ত্র চালানোর কাজে ব্যবহার করেননি।