গোবিন্দ হালদারের খোঁজ নিলেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল সোমবার কলকাতার এক হাসপাতালে খ্যাতিমান গীতিকার গোবিন্দ হালদারের সঙ্গে দেখা করেছেন।
রাষ্ট্রপতি গতকাল স্থানীয় সময় রাত ১০টার দিকে কলকাতার জিতেন্দ্রনাথ রায় হাসপাতালে গিয়ে গোবিন্দ হালদারের (৮৫) খোঁজখবর নেন। এ সময় তাঁর স্ত্রী, মেয়ে ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’, ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যাঁরা’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল’সহ বেশ কয়েকটি অমর গান লিখেছেন গোবিন্দ হালদার। এ বিষয়ে রাষ্ট্রপতি বলেন, ‘১৯৭১ সালে আপনার গানে মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হয়েছিলেন। আজও আমরা আপনার গান শুনি। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হই।’
গোবিন্দ হালদার কিডনির অসুস্থতা নিয়ে ১৩ ডিসেম্বর ওই হাসপাতালে ভর্তি হন। রাষ্ট্রপতি আজ মঙ্গলবার সকালে শান্তিনিকেতনে যাবেন। সন্ধ্যায় দেশের উদ্দেশে রওনা হবেন তিনি।