গোবিন্দ হালদারের খোঁজখবর নিলেন শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে কালজয়ী কয়েকটি গানের স্রষ্টা গোবিন্দ হালদারের অসুস্থতার খোঁজ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত শনিবার রাতে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এই গীতিকারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তাঁর চিকিৎসার যাবতীয় খরচ দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।
গতকাল রোববার কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস সচিব মোফাখখারুল ইকবাল এ কথা জানান।
শেখ হাসিনা চিকিৎসাধীন গোবিন্দ হালদারকে বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের দিনগুলোতে তাঁর গান বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে। বাংলাদেশ তাঁর কাছে কৃতজ্ঞ।
গোবিন্দ হালদার গুরুতর অসুস্থ হয়ে এখন কলকাতার মানিকতলার জিতেন্দ্রনাথ রায় হাসপাতালে চিকিৎসাধীন। কিডনির অসুস্থতা নিয়ে তিনি ১৩ ডিসেম্বর এই হাসপাতালে ভর্তি হন। তাঁর বয়স এখন ৮৫ বছর।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গোবিন্দ হালদার লিখেছিলেন, ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’, ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যাঁরা’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল’, ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’ ইত্যাদি গান। তিনি কলকাতায় একজন কবি ও গীতিকার হিসেবে পরিচিত। তাঁর লেখা গান আকাশবাণী ও দূরদর্শনে প্রচারিত হয়েছে।