গোবিন্দগঞ্জ, ধুনট ও ঘোড়াঘাটে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। একই দিন বগুড়ার ধুনটে একজন ব্যবসায়ী এবং দিনাজপুরের ঘোড়াঘাটে এক পল্লিচিকিৎসক নিহত হয়েছেন। গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী একটি বাস ঢাকা-দিনাজপুর মহাসড়কের কাইয়াগঞ্জ বাজার এলাকায় গতকাল সকাল নয়টার দিকে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি একটি মুদি দোকানে ঢুকে পড়ে। এ সময় কাইয়াগঞ্জ সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের তরফমনু গ্রামের তোতা মিয়া (৩২) ও মোজাম্মেল হোসেন (৩৪) ঘটনাস্থলে নিহত হন। আহত ব্যক্তিদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে বালুপাড়া গ্রামের নাসির হোসেন (৪১) মারা যান। আহত অবস্থায় আরও ১৫ জনকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা বাসটি ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করে রাখে।বগুড়ার ধুনটের সদরপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথ সাহার ছেলে লিটন সাহা (২৫) সোমবার সকাল সাড়ে আটটার দিকে ধুনট বাজার থেকে ভটভটিতে করে গোসাইবাড়ী বাজারে যাচ্ছিলেন। পথে সরকারপাড়া মোড়ে একটি মিনিবাসের সঙ্গে ভটভটিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লিটন ভটভটি থেকে রাস্তায় পড়ে আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। দুর্ঘটনায় ভটভটির চালক শহিদুল ইসলাম আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিরাইহীমপুরে ঢাকা-গোবিন্দগঞ্জ মহাসড়কে গতকাল সোমবার বেলা একটায় ট্রাকের ধাক্কায় মোস্তাক আলী (৬০) নামে এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। তিনি উপজেলার আফসারাবাদ কলোনির ইয়াকুব আলীর ছেলে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিরামপুর থানার পুলিশ প্লাস্টিক পাইপভর্তি ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রির নিজস্ব পরিবহনের একটি মিনি ট্রাক ও তার চালক আবুল বাশারকে (৪০) আটক করেছে।