গোবিন্দগঞ্জ দুই পক্ষের সংঘর্ষ, একজন নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর ও কুমিরাডাঙ্গা গ্রামের বাসিন্দাদের মধ্যে গত সোমবার কুমিরাডাঙ্গা বাজারে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ ও হামলার ঘটনায় একজন নিহত এবং পুলিশসহ কমপক্ষে ৪৯ জন আহত হয়। নিহত ব্যক্তির নাম ফেরদৌস ইসলাম (৩৫)। তিনি কুমিরাডাঙ্গা গ্রামের রইচ উদ্দিনের ছেলে। পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলা চালানোর অভিযোগে গত সোমবার ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসের টিকিট বিক্রির কাউন্টারের নিয়ন্ত্রণ নিয়ে রোববার মহিমাগঞ্জ মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লাবু মিয়া ও সাবেক শ্রমিকনেতা আবদুল হাকিমের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লাবু মিয়ার পক্ষে গোপালপুর ও আবদুল হাকিমের পক্ষে কুমিরাডাঙ্গা গ্রামের বাসিন্দারা অবস্থান নেয়।এ ঘটনার জের ধরে পরের দিন দুপুর ১২টার দিকে ওই দুই গ্রামের বাসিন্দারা মহিমাগঞ্জ-গোবিন্দগঞ্জ সড়কের কুমিরাডাঙ্গা বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে গোপালপুর গ্রামের হাবিল মিয়া (২৩) ও কুমিরাডাঙ্গা গ্রামের ফেরদৌস ও মতিয়ার রহমানকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌস মারা যান।গোবিন্দগঞ্জ থানার ওসি শেখ দেলোয়ার হোসেন বলেন, এই ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গোবিন্দগঞ্জ থানার এসআই আজিজুর রহমান বাদী হয়ে ৩০০ জনকে আসামি করে মামলা করেছেন।