গোবিন্দগঞ্জ পৌরসভার সব রাস্তা বেহাল, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটু বৃষ্টিতেই গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার গোলাপবাগ হাট রোডে এভাবে পানি জমে থাকে। গত রোববার সকালে তোলা ছবি l প্রথম অালো
একটু বৃষ্টিতেই গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার গোলাপবাগ হাট রোডে এভাবে পানি জমে থাকে। গত রোববার সকালে তোলা ছবি l প্রথম অালো

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৫২ কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র সাড়ে ৯ কিলোমিটার পাকা। আর ওই সাড়ে ৯ কিলোমিটার পাকা রাস্তার বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। তাই একটু বৃষ্টি হলেই কাঁচা রাস্তার পাশাপাশি পাকা রাস্তার গর্তের মধ্যে পানি জমে থাকে। ফলে এ রাস্তা দিয়ে চলাচলকারীরা ভোগান্তির শিকার হচ্ছেন। এরপরও পৌর কর্তৃপক্ষ ওই রাস্তা সংস্কারে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

গোবিন্দগঞ্জ পৌরসভা কার্যালয় সূত্র জানায়, ১৯৯৮ সালে গোবিন্দগঞ্জ ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হয়। ১২ দশমিক ৭১ বর্গকিলোমিটার আয়তনবিশিষ্ট এই পৌরসভায় মোট রাস্তা ৫২ দশমিক ২৯ কিলোমিটার। এর মধ্যে পাকা ৯ দশমিক ৮৯ কিলোমিটার, আধা পাকা ১০ দশমিক ২৭ কিলোমিটার ও কাঁচা ৩২ দশমিক ১৩ কিলোমিটার। লোকসংখ্যা প্রায় ৫০ হাজার।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বেশির ভাগ রাস্তাই কাঁচা। কোনো কোনো রাস্তায় পানি জমে আছে। কোনো কোনো রাস্তায় এক থেকে দেড় ফুট কাদা জমে আছে। বিশেষত পৌরসভার গোলাপবাগ হাট রোড, বালিকা বিদ্যালয় রোড, পৌরসভার পশ্চিম চৌমাথা থেকে বিএম বালিকা উচ্চবিদ্যালয় রোড, প্রধানপাড়া থেকে খানাবাড়ি রোড, চক্ষু হাসপাতাল মোড় থেকে চাঁদপুর খলসি রোড, টিএনটি রোড, হিড়ক সিনেমা রোড ও বহুমুখী উচ্চবিদ্যালয় রোডের অবস্থা খুবই করুণ। প্রধানপাড়া এলাকার বাসিন্দা আবদুল হান্নান বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে প্রায় তিন মাস ধরে এই এলাকায় জলাবদ্ধতা থাকে। এরপরও পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

বিধ্বস্ত রাস্তার ছবি তোলার সময় পৌরসভার পান্তাপাড়া এলাকার রিকশাচালক ছালাম মিয়া (৪০) বলেন, ‘একন আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আচে। হামারঘরে মেয়র আওয়ামী লীগের নোক। তাও আস্তা ভালো হয় না। পোত্তেকদিন যে ট্যাকা কামাই করি, তাক একশা (রিকশা) ভালো করতে চলি যায়।’

গোবিন্দগঞ্জ নাগরিক পরিষদের আহ্বায়ক মুকিতুর রহমান বলেন, গোবিন্দগঞ্জ পৌরসভার গুরুত্ব অপরিসীম। কারণ, গোবিন্দগঞ্জ পৌরসভা দিয়ে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক চলে গেছে। এ ছাড়া গোবিন্দগঞ্জ-হিলি সড়ক ধরে ঢাকা যেতে পৌরসভা অতিক্রম করতে হয়। কিন্তু পৌর মেয়রের দায়িত্বহীনতায় এই পৌরসভার রাস্তাঘাট সংস্কার করা হচ্ছে না।

পৌরসভার ঝিলপাড়া এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, পৌরসভার বেশির ভাগ অংশ মহাসড়কের পশ্চিম পাশে। বিশেষ করে মহাসড়কের পশ্চিমাংশে দুটি উচ্চবিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি কলেজ, উপজেলা পরিষদ, আদালত, থানা ভবন ও গোলাপবাগ হাট অবস্থিত। অন্যদিকে বর্তমান পৌর মেয়রের বাড়ি মহাসড়কের পূর্ব পাশে। পশ্চিম পাশের ভোটাররা তাঁকে ভোট দেন না বলে তিনি ওই সব এলাকার উন্নয়নকাজ করেন না।

এ প্রসঙ্গে গোবিন্দগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সরকার বলেন, ‘গোটা পৌরসভার উন্নয়নের দায়িত্ব আমার। ভোটের সঙ্গে উন্নয়নের সম্পর্ক নেই। রাজনৈতিক প্রতিহিংসাবশত আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালানো হচ্ছে। জনসচেতনতার অভাবেই রাস্তায় পানি জমে থাকে। কারণ রাস্তার দুই পাশে উঁচু করে দোকানপাট নির্মাণ করা হয়েছে। ফলে রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নর্দমা থাকলেও সেগুলো ময়লা-আবর্জনা ফেলে ভরাট করা হয়েছে। বর্তমানে ৪১ লাখ টাকা ব্যয়ে পাকা রাস্তার সংস্কারকাজ চলছে। সম্প্রতি ৪ কোটি টাকা ব্যয়ে পৌরসভায় রাস্তা ও নর্দমা নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অচিরেই কাজ শুরু হবে। পর্যায়ক্রমে সব রাস্তা পাকা করা হবে।’