গোবিন্দগঞ্জ শিক্ষা কার্যালয়ে যুবলীগ-নেতার ভাঙচুর কর্মচারী লাঞ্ছিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গতকাল মঙ্গলবার হামলা চালিয়ে ভাঙচুর এবং অফিস সহকারী আব্বাস আলীকে লাঞ্ছিত করেছেন যুবলীগের নেতা-কর্মীরা। উপজেলা যুবলীগের এক নেতার স্ত্রীর বদলির সুপারিশ না মানায় এ ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেছেন।আব্বাস আলী জানান, যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলমের স্ত্রী রোজিনা ইয়াছমিন উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জাহাঙ্গীর তাঁর স্ত্রীকে উপজেলা শহরের কুঠিবাড়ী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বদলির সুপারিশ করেন। ১০ মার্চ তাঁর বদলির একটি প্রস্তাব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। কিন্তু জেলা শিক্ষা কর্মকর্তা আপত্তি জানিয়ে ফাইলটি ২০ মার্চ ফেরত পাঠান। খবর পেয়ে গতকাল দুপুর ১২টার দিকে জাহাঙ্গীর আলম দলবল নিয়ে শিক্ষা কার্যালয়ে আসেন। তিনি ফাইল ফেরত আসায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁর লোকজন কার্যালয়ের ফাইলপত্র তছনছ করে এবং ভাঙচুর চালায়। এ সময় তারা অফিস সহকারীকে লাঞ্ছিত করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ ঘটনার সময় উপস্থিত ছিলেন না।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বর্তমানে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষা কার্যালয়টি হওয়ায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তবে যুবলীগের নেতা জাহাঙ্গীর আলম ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষা কার্যালয়ে গিয়ে তিনি তাঁর স্ত্রীর বদলি না হওয়ার কারণ জানতে চেয়েছেন। এর বেশি কিছু তিনি জানেন না।