গোবিন্দগঞ্জে অপহরণকারী সন্দেহে গাড়িতে আগুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অপহরণকারী সন্দেহে দুজনকে আটক করে তাঁদের ব্যবহূত একটি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) পুড়িয়ে দিয়েছে স্থানীয় কিছু লোক। গত শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সামনে গাড়ি থামিয়ে রাস্তার পাশে একটি দোকানে চা খেতে ঢোকেন গাড়ির মালিক মাহবুবুর রহমান ও গাড়িচালক। গাড়িটির ভেতরে তখন পাঁচ শিশু-কিশোর বসা ছিল। তাদের অপহরণ করা হচ্ছে এমন সন্দেহে স্থানীয় কিছু লোক গাড়ির মালিক ও চালককে আটকে রেখে মারধর করে। একপর্যায়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় তারা।পরে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ির মালিক, চালক এবং ওই পাঁচ শিশু-কিশোরকে উদ্ধার করে। শিশু-কিশোরেরা হলো কুড়িগ্রাম সদর উপজেলার সরদারপাড়া গ্রামের মঞ্জুরুল ইসলাম (১৬), মো. সবুজ (১৪), মো. শাহানুর (১৩), মো. মঞ্জু (১২) ও মো. বাবুল (১২)।মাহবুবুর রহমান জানান, তিনি ঢাকার খিলক্ষেত এলাকার বাসিন্দা। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাগবাড়িয়া এলাকায় আলফা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেটাল নামে একটি ওয়ার্কশপ রয়েছে তাঁর। সেখানে কাজের জন্য কুড়িগ্রাম থেকে ওই পাঁচ শিশু-কিশোরকে তিনি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। উদ্ধার করা শিশু-কিশোরেরাও জানায়, কাজের উদ্দেশ্যেই তারা ঢাকায় যাচ্ছিল।গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।