গোবিন্দগঞ্জে অস্ত্র লুটের মামলায় সাঁওতালসহ ৩২ জনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের পুলিশ ক্যাম্পে হামলা, ভাঙচুর ও অস্ত্র লুটের মামলায় ৩২ জন সাঁওতাল ও বাঙালির জামিন মঞ্জুর করেছেন গোবিন্দগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত। গতকাল সোমবার বিকেলে আসামিদের উপস্থিতিতে আদালতের বিচারক এ এস এম তাসকিনুল হক এই জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী মুরাদ জামান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, গত বছরের ১২ জুলাই সাহেবগঞ্জ বাণিজ্যিক খামার এলাকায় পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলা, ভাঙচুর ও অস্ত্র লুটের অভিযোগে ৩৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনের নামে মামলা করা হয়। এই ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক আবদুল গফুর বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলার ৩৬ জনের মধ্যে ৩২ জন আসামি গতকাল আদালতে স্বশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন। এর মধ্যে ১৯ জন সাঁওতাল ও ১৩ জন বাঙালি। এই মামলার অবশিষ্ট চারজন আসামির পক্ষে জামিনের কোনো আবেদন করা হয়নি।