গোবিন্দগঞ্জে কৃষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার বাবলু মিয়া (৫৫) নামের এক কৃষক প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে বাঁচাতে গিয়ে বাবলু মিয়ার ছেলে অহেদুল ইসলামও আহত হয়েছেন।
অহেদুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রুবেল মিয়া ও মো. রাসেল নামের দুজনকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
মামলার এজাহার থেকে জানা যায়, উপজেলার শাহাপুর পাড়াগনা গ্রামের বাবলু মিয়ার সঙ্গে পাশের কোচাশহর গ্রামের নুরুল ইসলামের জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে গতকাল সকালে নুরুল ও তাঁর দুই ছেলে রুবেল মিয়া ও রাসেল লোকজন নিয়ে বাবলুর বাড়িতে হামলা চালান। তাঁরা বাবলুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে বাধা দিলে অহেদুলকেও ছুরিকাঘাত করেন তাঁরা। আহত ব্যক্তিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পথে বাবলু মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, এ ঘটনায় গতকাল বিকেলে বাবলুর স্ত্রী রহিমা বাদী হয়ে নুরুল ইসলামসহ সাতজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। দুজনকে গ্রেপ্তার করা হলেও অন্য আসামিরা পলাতক।