গোবিন্দগঞ্জে কোন কর্তৃত্ববলে গুলি ব্যাখ্যা জানতে নির্দেশনা চেয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় আইনি কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। এতে ঘটনাস্থলে কোন কর্তৃত্ববলে আগ্নেয়াস্ত্র ও গুলি ব্যবহার করা হয়েছে, তার ব্যাখ্যা দাখিলের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।
গতকাল বুধবার তিনটি সংগঠনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়। সংগঠন তিনটি হলো আইন ও সালিশ কেন্দ্র (আসক), ব্রতী সামাজিক কল্যাণ সংস্থা ও অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট। আজ বৃহস্পতিবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
আসকের কৌঁসুলি অবন্তী নুরুল প্রথম আলোকে বলেন, বেশ কয়েকটি বিষয়ে নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করা হয়েছে। এখন রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হবে।
তিন সংগঠনের করা রিট আবেদনে মাদারপুর ও জয়পুর এলাকার সাঁওতালদের চলাচল নির্বিঘ্ন করতে ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। আবেদনে এখতিয়ারবহির্ভূতভাবে সাঁওতালদের হয়রানি না করতে নির্দেশনা দেওয়ার জন্যও প্রার্থনা করা হয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার সাঁওতালদের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না—এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রিটে স্বরাষ্ট্রসচিব, জনপ্রশাসনসচিব, শিল্পসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ ১১ জনকে বিবাদী করা হয়েছে।
৬ নভেম্বর গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় ওই সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষের ঘটনায় তিনজন সাঁওতাল নিহত হন।