গোবিন্দগঞ্জে চিনিকলে সংঘর্ষের মামলায় ৭০ জনের জামিন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক তিনটি মামলায় ৭০ জন সাঁওতাল ও বাঙালির অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন গোবিন্দগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত। আজ সোমবার বিকেলে ওই আদালতের বিচারক এ এস এম তাসকিনুল হক এ আদেশ দেন।
গত বছরের ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় সহিংসতার ঘটনায় সাঁওতাল ও স্থানীয় বাঙালিদের বিরুদ্ধে মোট চারটি মামলা করা হয়। রংপুর চিনিকল ও গোবিন্দগঞ্জ থানার পুলিশ বাদী হয়ে এসব মামলা করে।
এর মধ্যে গত ২২ জানুয়ারি নিম্নœআদালতে আত্মসমর্পণের শর্তসাপেক্ষে ছয় সপ্তাহের জন্য চারটি মামলায় তাঁদের জামিন দেন উচ্চ আদালত। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী তিনটি মামলায় তাঁরা আজ সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমিন বাস্কে ও সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ ৭০ জনের জামিন মঞ্জুর করেন। আরেকটি মামলার নথি গাইবান্ধা জেলা জজ আদালতে থাকায় ওই মামলার শুনানির জন্য ২০ মার্চ ধার্য করা হয়।
সাঁওতালদের পক্ষের আইনজীবী মুরাদ জামান বলেন, সকাল ১০টার দিকে চারটি মামলার জামিনের জন্য আবেদন করা হয়। বে একটা থেকে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত পর্যায়ক্রমে তিনটি মামলার জামিনের আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে বিচারক তিনটি মামলার ৭০ জন আসামির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আরেকটি মামলার নথি জেলা জজ আদালতে থাকায় ওই মামলার জামিনের আবেদনের ওপর শুনানি হয়নি।
গত বছরের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের জমির আখ কাটা নিয়ে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষরে অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তির বিদ্ধ নয়জন ও গুলিবিদ্ধ হন চারজন। এ সংঘর্ষের ঘটনায় তিন সাঁওতাল নিহত হন।