গোবিন্দগঞ্জে ঝুঁকিপূর্ণ অজুহাতে শতবর্ষী গাছ কেটে ফেলা হলো
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকার গোলাপবাগ বাজারের শতবর্ষী একটি বটগাছ কেটে ফেলা হয়েছে। ঝুঁকিপূর্ণ অজুহাতে উপজেলা প্রশাসন ১৭০ বছরের পুরোনো ওই গাছটি মাত্র পাঁচ হাজার ৩৬০ টাকায় ওয়াহেদুন্নবী নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেছে স্থানীয় ভূমি অফিস। গত শুক্রবার ওই শিক্ষক গাছটি কেটে নিয়ে যান। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। গোলাপবাগ বাজার এলাকার লোকজন জানান, বাংলা ১২৪৯ সালে স্যার মহারাজা প্রদ্যুৎ কুমার ঠাকুর এই বাজারের বিভিন্ন স্থানে ২৫টি বটগাছ লাগান। বাজার এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মদন মোহন আগরওয়ালা (৬৮), নজরুল ইসলাম (৫৫), শোভা রানী (৬৫), বিপ্লব চাকী (৫৫) ও ভবেশ সরকার বলেন, দীর্ঘদিন ধরে গোলাপবাগ বাজারের বটগাছগুলো তাঁরা দেখছেন। কিন্তু ওই গাছগুলোর কোনোটিই এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ নয়। বরং গাছগুলো পরিবেশের ভারসাম্য রক্ষাসহ এলাকার লোকজনদের উপকারেই আসত। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রশাসন গাছটি কেটে বাজারের দুই ব্যবসায়ীর স্বার্থ রক্ষা করেছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম সরোয়ার জাহান বলেন, গোলাপবাগ বাজারের দুজন ব্যবসায়ী ওই বটগাছটি ঝুঁকিপূর্ণ হিসেবে স্থানীয় ভূমি কার্যালয়ে আবেদন করেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে বটগাছটি অপসারণের জন্য ৩১ মে নিলাম আহ্বান করে তা বিক্রি করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াহেদ বলেন, গাছটি বাজারের ব্যবসায়ীদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। সেটি অপসারণের জন্য নিলাম ডেকে সর্বোচ্চ দর পাঁচ হাজার ৩৬০ টাকায় ওয়াহেদুন্নবী নামে এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়। এখানে নির্দিষ্ট কারও স্বার্থ রক্ষা করা হয়নি।ভারপ্রাপ্ত পৌর মেয়র সাহেব মিয়া বলেন, বটগাছটি পৌর এলাকায়। গাছটি কাটার এখতিয়ার পৌরসভার। যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়াই গাছটি কাটা হয়েছে। গাছটি কাটার বিষয়ে পৌরসভার অনুমোদন ছিল না।