গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ
ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় মুহিন মিয়া (৩) নামের এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার বিকেলে শহরের কাছে কোমরপুর চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুহিন পলাশবাড়ি উপজেলার করিয়াওটা গ্রামের শিপন মিয়ার ছেলে।
এ ঘটনার প্রতিবাদে নিহতের আত্মীয়স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
পুলিশ সূত্রে জানা যায়, দুই দিন আগে মুহিন গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের নয়াপাড়া গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়। আজ বিকেল পাঁচটার দিকে কোমরপুর চৌমাথা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় রংপুর থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই নিহতের আত্মীয়স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।