গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় চালক নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার বালুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম খায়রুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামের রজ্জব আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খায়রুল ইসলাম গতকাল বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে গোবিন্দগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিলেন। সোয়া তিনটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া এলাকায় পৌঁছালে রংপুর
থেকে বগুড়াগামী একটি অজ্ঞাতনামা ট্রাক পেছন থেকে তাঁর অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে চালক খায়রুল ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশায় কোনো যাত্রী ছিল না। ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং খায়রুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে। খায়রুলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।