গোবিন্দগঞ্জে তিন বখাটের কারাদণ্ড
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত তিন বখাটেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। উপজেলার উত্তর শোলাগাড়ী গ্রামের সাইদার মণ্ডলের ছেলে তুহিন মিয়া (২০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে মোনারুল ইসলাম ওরফে মোনা (২২) শোলাগাড়ী স্কুল মোড়ে এক স্কুলছাত্রীকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করতেন। গত মঙ্গলবার তুহিন ও মোনা স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে জোর করে মোটরসাইকেলে উঠিয়ে নেওয়ার চেষ্টা করলে এলাকার লোকজন তাঁদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াহেদ তুহিন ও মোনাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠান। অপরদিকে একই আদালত ওই দিন বিকেলে বাড়িতে পড়ার সময় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বড় দুর্গাপুর গ্রামের আকতার আলীর ছেলে ইদ্রিস আলীকে (২৩) এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেন।