গোবিন্দগঞ্জে ত্রাণ ও অন্যান্য সহায়তার অপেক্ষায় সাঁওতালরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত সাঁওতাল পরিবারগুলো ত্রাণ ও বাড়িঘর নির্মাণে প্রয়োজনীয় সহায়তার অপেক্ষায় রয়েছে।
গত রোববার সংঘর্ষের জের ধরে সাঁওতালদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। উপজেলার রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে সাঁওতালদের সঙ্গে ওই সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষে তিনজন সাঁওতালের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঘটনার দিনই একজন নিহত হন। তবে পরে মৃত দুজনের মধ্যে একজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
সংঘর্ষ, অগ্নিসংযোগ, লুটপাটে সাঁওতালদের মধ্যে সৃষ্ট আতঙ্ক গতকাল শুক্রবারও অব্যাহত ছিল। দুপুরে সাহেবগঞ্জ ইক্ষু খামারসংলগ্ন সাঁওতাল-অধ্যুষিত মাদারপুর গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামবাসীর চোখে-মুখে আতঙ্কের ছাপ। কেউ কেউ বাড়ির উঠোনে দাঁড়িয়ে দৃশ্যত অপেক্ষায় ছিলেন।
মার্জিয়া হেমব্রম (৪৫) নামের একজন বললেন, তাঁরা চিনিকলের জমিতে ঘর তৈরি করেছিলেন। সেই ঘর ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি গরু-ছাগল পর্যন্ত লুট করা হয়েছে। তাঁরা এখন নিঃস্ব। ত্রাণ সাহায্য ও ঘর নির্মাণ করতে সহায়তা দরকার। ত্রাণসামগ্রী নিয়ে কখন, কে আসে সে অপেক্ষাতেই প্রতিদিন এভাবে দাঁড়িয়ে থাকছেন তাঁরা।
মার্জিয়ার সঙ্গে কথা বলার সময় অসহায় দৃষ্টিতে তাকিয়ে ছিলেন একই গ্রামের মণ্ডল হেমব্রম (৫৫)। মণ্ডল ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, তাঁদের কাছে খাবার নেই। এলিয়া মুরমু (৪৫) বলেন, ঘরে আগুন দেওয়ার কথা মনে হলে এখনো বুক কেঁপে ওঠে। একই রকমের অনুভূতি জানান আরও কয়েকজন।
এদিকে গতকাল বিকেলে মুঠোফোনে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমন বাস্কে বলেন, সাঁওতালদের বাড়িঘরে হামলার ছয় দিন পার হচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়নি। সাঁওতালরা ‘পুলিশের ভয়ে’ মামলা করছে না।
সাঁওতালরা মামলা না করলেও সংঘর্ষের ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কল্যাণ চক্রবর্তী বাদী হয়ে ঘটনার দিন রাতে ৪২ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে মামলা করেছেন। গতকাল বিকেল পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাঁওতালদের আতঙ্ক কাটাতে নেওয়া পদক্ষেপ প্রসঙ্গে গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত সরকার বলেন, সাহেবগঞ্জ এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া শান্তি রক্ষায় সাহেবগঞ্জ ইক্ষু খামার কার্যালয়ে অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয়েছে।