গোবিন্দগঞ্জে দরপত্রের বাক্স ছিনতাই, পরে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৫১টি পুকুর ও জলমহাল ইজারা দেওয়ার জন্য গত ২৪ জানুয়ারি দরপত্র আহ্বান করা হয়েছিল। গত সোমবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। নিয়মানুযায়ী ওইদিন কয়েকজন ঠিকাদার বাক্সে দরপত্র জমাও দিয়েছিলেন। কিন্তু স্থানীয় একদল সন্ত্রাসী ওইদিন ছিনতাই করে দরপত্রের বাক্সে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় দরপত্র বাতিল ঘোষণাসহ গোবিন্দগঞ্জ থানায় দুটি অভিযোগ দায়ের করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবিনা ফেরদৌস।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫১টি সরকারি পুকুর ও জলমহাল ইজারা দেওয়ার জন্য গত ২৪ জানুয়ারি দরপত্র আহ্বান করে উপজেলা পরিষদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), যুব উন্নয়ন কর্মকর্তা ও সমবায় কর্মকর্তার কার্যালয়ের সামনে রাখা দরপত্রের বাক্সে কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান সোমবার বেলা ১১টার দিকে দরপত্র জমা দেয়। আরও কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র ফেলার আগেই একদল সন্ত্রাসী উপজেলা পরিষদে লাঠি, রড ও হকিস্টিক নিয়ে ত্রাস সৃষ্টি করে এবং উপজেলা পরিষদের বিভিন্ন কার্যালয়ের সামনে থেকে দরপত্রের বাক্সগুলো ছিনিয়ে নিয়ে যায়। পরে সন্ত্রাসীরা দরপত্রের বাক্সগুলো উপজেলা পরিষদের পাশে কুঠিবাড়ী ঈদগাহ মাঠে নিয়ে যায় এবং সেখানে বাক্সগুলোতে আগুন ধরিয়ে দেয়।সহকারী কমিশনার (ভূমি) রুবিনা ফেরদৌস জানান, দুপুর ১২টার দিকে একদল সন্ত্রাসী তাঁর কার্যালয়ের সামনে এসে দরপত্রের বাক্স ছিনিয়ে নিয়ে যায়। ইউএনও আবদুল ওয়াহেদ একইভাবে দরপত্রের বাক্স ছিনতাই হয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেন।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম প্রথম আলোকে জানান, এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবিনা ফেরদৌস গোবিন্দগঞ্জ থানায় দুটি অভিযোগ দায়ের করেছেন। তবে তিনি এসব অভিযোগে কারও নাম উল্লেখ করেননি। এ কারণে কাউকে আটক করা যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করার চেষ্টা চালানো হচ্ছে।